মুম্বই: ২০১৭ মহিলাদের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনাল। ডার্বি কাউন্টি গ্রাউন্ডে শক্তিশালী অস্ট্রেলিয়াকে চূর্ণ করে খেতাবি লড়াইয়ের টিকিট ছিনিয়ে নিয়েছিল ভারত। সৌজন্যে হরমনপ্রীত কাউরের অপরাজিত ১৭১ রানের ধ্রুপদী ইনিংস। দীর্ঘ আট বছর পর মাহিলা বিশ্বকাপের সেমি-ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সেদিনের জয়ের কাণ্ডারি হরমনপ্রীতই এখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। বৃহস্পতিবার ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে তিনি কি পারবেন ২০১৭-র স্মৃতি ফেরাতে? ভারতের প্রমীলা বাহিনীকে যথেষ্ট আত্মবিশ্বাসীই লাগছে।
সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। চলতি আসরের গ্রুপ পর্বে ৩৩০ রান তুলেও অজিদের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ চারের লড়াইয়ে জ্বলে উঠতে মরিয়া হরমনপ্রীত ব্রিগেড। হারের হ্যাটট্রিক কাটিয়ে নক-আউটের টিকিট পাওয়া আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ওপেনার স্মৃতি মান্ধানা। এখনও পর্যন্ত একটি শতরান ও দু’টি অর্ধশতরান সহ ৩৬৫ রান করে ফেলেছেন তিনি। টুর্নামেন্টে সর্বাধিক রানসংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন স্মৃতি। ছন্দ বজায় রেখে বৃহস্পতিবার ব্যাটিং সহায়ক উইকেটে জ্বলে উঠতে চাইবেন তিনি। এছাড়া হরমনপ্রীত, হারলিন দেওল, রিচা ঘোষরাও রানের মধ্যে রয়েছেন। তবে ফর্মে থাকা ওপেনার প্রতীকা রাওয়ালের চোট পেয়ে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। পরিবর্তে দলে নেওয়া হয়েছে শেফালি ভার্মাকে। তবে সেমি-ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে তাঁকে খেলানোর ঝুঁকি কি নেবে থিঙ্কট্যাঙ্ক? নাকি আমনজ্যোৎ কাউর কিংবা হারলিন দেওলকে দিয়ে ওপেন করিয়ে বাড়তি বোলার খেলাবে ভারত? এমনিতেই টিম ইন্ডিয়ার বোলিং তেমন শক্তিশালী নয়। স্নেহ রানা তো শেষ তিন ম্যাচে ২০১ রান খরচ করে মাত্র একটি উইকেট ঝুলিতে ভরতে সক্ষম হয়েছেন। তবে ক্রান্তি, দীপ্তিরা ভরসা জোগাচ্ছেন।
পক্ষান্তরে, চলতি আসরে এখনও পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়া। তার উপর চোট সারিয়ে সেমি-ফাইনালে ফিরছেন দলের ফুলটাইম ক্যাপ্টেন অ্যালিসা হিলি। বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন অ্যানাবেল সুদারল্যান্ড, অ্যালানা কিং। সবমিলিয়ে শেষ চারে হাডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ তৈরি। তবে উদ্বেগে রাখছে প্রকৃতি। আবহাওয়ার পূর্বাভাস, বৃস্পতিবার নভি মুম্বইয়ে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খেলা যেখানে আটকাবে শুক্রবার রিজার্ভ ডে’তে সেখান থেকেই শুরু হবে ম্যাচ। সেদিনও বৃষ্টি বাদ সাধলে গ্রুপ লিগে বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে ফাইনালের টিকিট পেয়ে যাবে অজিরা।
খেলা শুরু বিকেল ৩টা।
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।