নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগস্ট মাস থেকে রাজ্যে রেশন বন্টন ব্যবস্থা ‘স্মার্ট পিডিএস’-এর আওতায় আনা হয়েছে। তারপর থেকেই রেশনের খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রে রাজ্যজুড়ে সমস্যা শুরু হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার থেকে নতুন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে শনিবারও সেই অভিযোগ অব্যাহত ছিল। রেশন ডিলার ও গ্রাহকদের অভিযোগ, ই-পস মেশিনে অনলাইনে আধার নম্বর যাচাইয়ের প্রক্রিয়া ঠিকমতো করা যাচ্ছে না। গ্রাহকদের হয়রানি বাড়ছে। অনেকেই লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। উত্তর শহরতলির এক রেশন ডিলার জানিয়েছেন, একবেলায় তিনি সাধারণত ৩০-৪০ জনকে চাল-গম দিয়ে থাকেন। কিন্ত শনিবার মাত্র ৪ জনকে তা দিতে পেরেছেন। আধার যাচাই করা যাচ্ছে না। ই-পস মেশিন বারবার ‘এরর’ দেখাচ্ছে। সার্ভার সমস্যা মিটিয়ে রেশন বন্টন ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। রেশনের ডেটার সার্ভার পরিবর্তন হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন খাদ্য প্তরের সচিব জগদীশ প্রসাদ মিনাকে চিঠি দিয়ে অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘খাদ্যদপ্তরের খামতির জন্য মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে ডিলারদের। সার্ভার কাজ না করার জন্য জরুরি ভিত্তিতে ভিডিয়ো তুলে ও রেকর্ড রেখে গ্রাহকদের খাদ্য দেওয়ার ব্যবস্থার দাবি করছি আমরা।’ নতুন ব্যবস্থা চালু হওয়ার পর অনলাইনে মজুত খাদ্যের হিসাবও ঠিকমতো আসছে না বলে অভিযোগ। এতেও জটিলতা বাড়ছে। আগে ই-পস মেশিনে প্রথমে গ্রাহকের আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করা হত। সেটা কাজ না করলে তখন চোখের মণি স্ক্যান করা হত। নয়া ব্যবস্থায় আগেই চোখের স্ক্যান করতে হচ্ছে। তা কাজ না করলে তখন আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এতেও সময় অনেক বেশি লাগছে। দু’টি ব্যবস্থা কাজ না করলে আগে গ্রাহকের আধার সংযুক্ত মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে খাদ্যসামগ্রী দেওয়া যেত। সেটাও এখন করা যাচ্ছে না বলে জানাচ্ছেন ডিলাররা।



