নয়াদিল্লি: জেফ্রি এপস্টাইন ফাইলে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর। মার্কিন যৌন অপরাধীর সঙ্গে তাঁর যোগের অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তা নিয়ে প্রবল শোরগোলের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সাফাই, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (আইপিআই)-এর প্রতিনিধি দলের অংশ হিসেবে কয়েকবার এপস্টাইনের সঙ্গে দেখা হয়েছিল। একবারই মেইল পাঠিয়েছিলেন। তবে এপস্টাইনের যৌন কেলেঙ্কারির সঙ্গে এগুলো কোনোভাবেই যুক্ত নয়। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘মেক ইন ইন্ডিয়া নিয়ে আমরা কথা বলেছিলাম।’
রাহুলের বিস্ফোরক অভিযোগ নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পুরী। তিনি বলেন, আইপিআইতে আমার বস তেরজা রড-লারসেনের সঙ্গে এপস্টাইনের পরিচয় ছিল। প্রতিনিধি দলের সদস্য হিসেবে কয়েকবার তাঁর (যৌন অপরাধীর) সঙ্গে দেখা করেছিলাম। পুরী আরও বলেন, প্রায় ৩০ লক্ষ ইমেলের মধ্যে মাত্র তিন-চারবার আমার নাম রয়েছে। এপস্টাইনের কাজকর্ম নিয়ে কোনও আগ্রহ ছিল না। ওঁদের কাছেও আমি কাজের লোক ছিলাম না। এমনকী এপস্টাইন তাঁকে দু’মুখোও বলতেন বলে দাবি করেছেন পুরী। রাহুলকে তাঁর পরামর্শ, সব ইমেলগুলো ভালো করে পড়ুন।
এপস্টাইন ফাইলে শুধু পুরীই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে শিল্পপতি অনিল আম্বানির মতো বহু ভারতীয়ের নাম রয়েছে। বিষয়টিকে হাতিয়ার করে মোদির সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছে বিরোধীরা। বিতর্কে প্রধানমন্ত্রীর নাম উঠে আসায় আসরে নেমেছিল বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বিতর্কিত ফাইলের সমস্ত তথ্যকে নস্যাৎ করে দিয়েছিলেন। গোটা বিষয়টিকে তিনি ‘একজন দণ্ডিত অপরাধীর আজেবাজে কথাবার্তা’ বলে উড়িয়ে দেন। এবার চলতি বিতর্কে নিজেই সাফাই দিলেন হরদীপ পুরী। ছবি: পিটিআই