নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি কোচ দেখলেই মুখ হাঁ হয়ে যায় ফেডারেশনের। কিন্তু লাভের লাভ সেই শূন্য। কোভারম্যান্স, কনস্টানটাইন, স্টিমাচ এবং বর্তমানে মানোলো মার্কুয়েজের পারফরম্যান্স চোখে দেখা যায় না। তা সত্ত্বেও স্বদেশি কোচে অনাস্থা কল্যাণ চৌবেদের। আট মাস ধরে জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন মানোলো। কিন্তু টিম কম্বিনেশন এখনও তাঁর তৈরি হল না। সোমবার রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে আয়োজিত প্রস্তুতি ম্যাচে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলই নাভিশ্বাস তুলে দিল সুনীল ছেত্রীদের। ২-১ গোলে ভারত জিতলেও মানোলো-ব্রিগেডের খেলা বড়ই ছন্নছাড়া। ব্রেন্ডন ফার্নান্ডেজের গোলে ভারত লিড নিলেও ইসরাফিল দেওয়ান সমতায় ফেরান বাংলাকে। শেষ পর্বে জটলার মধ্যে থেকে আশিক কুরুনিয়ানের গোল ভারতীয় দলকে জয় এনে দেয়। মাঠে উপস্থিত কতিপয় অনুরাগীর উদ্বেগ, ‘জাতীয় দল আদৌ অনুশীলন করে তো? হংকংয়ের বিরুদ্ধে কী হবে?’ উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ১০ জুন সুনীলদের প্রতিপক্ষ হংকং। তার আগে ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।



