Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া জুটমিলে পুজোর বোনাস, খুশি শ্রমিকরা

সাত মাসেরও বেশি সময় ধরে বেতন না পাওয়ায় প্রতিবাদে পথে নেমেছিলেন আরতি কটন মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার বকেয়া টাকার দাবিতে তাঁরা ঘিরে ধরেছিলেন বিজেপির রাজ্য সভাপতির গাড়ি।

হাওড়া জুটমিলে পুজোর বোনাস, খুশি  শ্রমিকরা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাত মাসেরও বেশি সময় ধরে বেতন না পাওয়ায় প্রতিবাদে পথে নেমেছিলেন আরতি কটন মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার বকেয়া টাকার দাবিতে তাঁরা ঘিরে ধরেছিলেন বিজেপির রাজ্য সভাপতির গাড়ি। হাওড়ার মিলগুলিতে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যেই খুশির খবর এল দাশনগরের ভারত জুটমিলে। পুজোর আগে বোনাস পেলেন মিলের প্রায় সাড়ে চারশো শ্রমিক। গত এক বছরে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় খুশি মিল কর্তৃপক্ষ।

Advertisement

গত বছর পুজোর আগে দিন কয়েকের জন্য বন্ধ হয়েছিল ভারত জুটমিল। সংকটে পড়েছিলেন কর্মীরা। তারপর নতুন করে উৎপাদন শুরু হতেই সুদিন ফেরে প্রায় ৭০ বছরের পুরনো এই মিলে। জানা গিয়েছে, এক সময় দিনে ১০ থেকে ১২ টন পাটজাত সামগ্রী উৎপাদিত হতো এখানে। মাঝে উৎপাদনের পরিমাণ তলানিতে ঠেকেছিল। তবে গত এক বছরে উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। শুক্রবার মিলের প্রত্যেক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাসের টাকা ঢুকেছে। শিবপুর ব্লক তৃণমূলের সভাপতি মহেন্দ্র শর্মা বলেন, ‘এই মিলে মালিক-শ্রমিক সম্পর্ক খুব ভালো। ট্রেড ইউনিয়নগুলি একসঙ্গে রয়েছে। প্রতিটি মিলেই এমন সুদিন ফিরুক।’ অন্যদিকে, এদিনই অস্থায়ীভাবে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝোলানো হয়েছে শিবপুরের হাওড়া জুটমিলে। এই মিলে প্রায় দু’হাজার শ্রমিক কাজ করেন। এদিন সকালে কাজে এসে তাঁরা মিলের গেটে নোটিশ দেখতে পান। মিল চালু করার জন্য এদিন রাত পর্যন্ত মিল কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ