রাজ্যের আইএএসদের একগুচ্ছ নতুন ভাতা, বৈষম্যে ক্ষোভ আইপিএস মহলে
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা বা রাজ্যসভার এমপিদের মতো এবার থেকে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসাররা একগুচ্ছ নতুন ভাতা সহ সুযোগ-সুবিধা পাবেন। শুক্রবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছে নবান্ন। এই নির্দেশিকা জারির পর আইএএস অফিসাররা খুশি । তবে  এরাজ্যের আইএএস এবং আইপিএস অফিসারদের মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ। স্বভাবতই সরকারের এই নির্দেশিকা জারির পর থেকে রীতিমতো ক্ষুব্ধ এরাজ্যের কর্মরত আইপিএস অফিসারদের পাশাপাশি ডব্লুবিসিএস অফিসাররাও। 

Advertisement

নবান্নের এক সূত্র জানাচ্ছে, ‘সম্প্রতি নিউ টাউনে আইএএস অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর কয়েকদিনের মধ্যে আইএএস অফিসারদের জন্য  একগুচ্ছ নতুন ভাতা সহ সুযোগ-সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ উল্লেখ্য, এরপরই অবশ্য শনিবার দুপুরে লালবাজারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইপিএস অফিসারদের নতুন করে অ্যাসোসিয়েশন তৈরির পরামর্শ দিয়েছেন।   
আইএএস আধিকারিক সংক্রান্ত নবান্নের ওই লিখিত নির্দেশিকায় বলা হয়েছে,  এখন থেকে এরাজ্যের আইএএস অফিসাররা হোমটাউনের বদলে প্রতি চারবছর অন্তর দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল, ভুটান,  মালদ্বীপ,  বাংলাদেশ, দুবাই ও মরিশাসে ভ্রমণ করে এলটিসি নিতে পারবেন। পাশাপাশি, সদ্য নিযুক্ত আইএএস অফিসাররা পশ্চিমবঙ্গ ক্যাডারে যোগ দেওয়ার পরই প্রিন্টার সহ ল্যাপটপ বা ডেক্সটপের দাম বাবদ সর্বাধিক ২ লাখ টাকা করে পাবেন। এছাড়াও চিলড্রেন এডুকেশন লোন বাবদ আইএএস অফিসাররা স্নাতকস্তরে পাঠরত সন্তানদের দেশে-বিদেশে পড়াশুনার জন্য ৫০ লাখ টাকা লোন পাবেন।
এছাড়াও আইএএস অফিসারদের জন্য প্রতি মাসে ৫০০ ইউনিট বিদ্যুতের খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি প্রতি মাসে সেক্রেটারি পদমর্যাদার আইএএস’রা ৬০ হাজার, প্রিন্সিপাল সেক্রেটারিরা ৭০ হাজার এবং অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের আইএএস আধিকারিকরা ৮০ হাজার টাকা অ্যাপ্যায়ন ভাতা প্রতি মাসে পাবেন।