ট্রেন লেট সামাল দিতে আরও লাইন পাতার দাওয়াই দিশাহারা মন্ত্রীর
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলি, ছটে সময়ে ঘরে পৌঁছতেই নাজেহাল সাধারণ রেল যাত্রীরা। কেন্দ্রে ক্ষমতায় আসার ১২ বছর পরেও ট্রেন লেট নিয়ে দিশাহারা মোদি সরকার। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই কেন্দ্রের এহেন দিশাহীন অবস্থা কার্যত স্পষ্ট করে দিয়েছেন। এদিন দিল্লিতে রেলমন্ত্রী বলেছেন, নতুন লাইন তৈরি করে যাওয়াই সমস্যার একমাত্র সমাধানের রাস্তা। এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এখন শুধুই নিরলসভাবে নতুন নতুন রুটে রেল লাইন পেতে যেতে হবে। শনিবার নয়াদিল্লির রেলভবনে ‘ওয়ার রুম’ খতিয়ে দেখেন রেলমন্ত্রী। এই ট্রেন চলাচল ব্যবস্থা খতিয়ে দেখার প্রেক্ষিতেই উঠে আসে মেল, এক্সপ্রেস দেরিতে চলার প্রসঙ্গ। অশ্বিনী বৈষ্ণব বলেন, মোদি সরকার গত ১০ বছরে সারা দেশে অতিরিক্ত ৩৬ হাজার কিলোমিটার লাইন পেতেছে। কিন্তু এই কাজ করে যেতে হবে। নাহলে সমস্যা মিটবে না। এখন নতুন রেল লাইন পাতা কিংবা ডাবলিং, ট্রিপলিং, অথবা গেজ পরিবর্তনের বিভিন্ন প্রকল্পে দ্রুত অনুমোদনও দেওয়া হচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি এবং মুম্বই-কলকাতার মতো ব্যস্ত রুটকে মাথায় রেখে প্রকল্পের কাজ চলছে। কিন্তু কবে নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে, কিংবা কবে থেকে দেশব্যাপী দৈনিক হাজারখানেক করে অতিরিক্ত ট্রেন চলবে, তা বৈষ্ণব জানাননি! 

Advertisement