আলোর ক্যানভাসে অযোধ্যা থেকে রামায়ণ, বারাসতের কালীপুজোয় এবার ‘রামরাজত্ব’
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অমাবস্যার অন্ধকারে আলোর বর্ণচ্ছটা। কোথাও রামের বনবাস, কোথাও আবার রাবণবধ। শুধু তাই নয়, আলোর কারুকাজে ফুটে উঠছে অযোধ্যার রামমন্দিরও। আরাধ্যা দেবী কালী। অথচ মণ্ডপের বাইরের আলোকসজ্জায় এবার বারাসত জুড়ে রামায়ণের আখ্যান! কালীপুজোর আলোর উৎসবে যেন ‘রামরাজত্ব’ বলছেন বারাসতের মানুষ।

Advertisement

বারাসতের কালীপুজো মানেই চোখধাঁধানো আলোকসজ্জা, বিশাল প্রতিমা আর থিমের অভিনবত্ব। উত্তর ২৪ পরগনার জেলা সদরের এই পুজো দেখতে প্রতিবছরই ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। কলকাতা থেকেও দর্শনার্থীরা আসেন। একের পর এক মণ্ডপ ঘুরে দেখা, আলোর কারসাজি উপভোগ—কালীপুজোর রাতে বারাসত কার্যত উৎসবনগরী। সেই পরিচিত উৎসবের আবহেই এবার বাড়তি আকর্ষণ রামায়ণের নানা পর্ব।
মণ্ডপের বাইরে আলোর ফ্রেমে সাজানো হয়েছে প্রভু রামের জীবনের বিভিন্ন ঘটনা। কোথাও রাম-সীতার কাহিনি, কোথাও লঙ্কাকাণ্ডের দৃশ্য। আলোর ওঠানামা, রং বদল এবং চলমান আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে পৌরাণিক আখ্যান। শুধু রামায়ণের ঘটনাপ্রবাহেই থেমে থাকেননি উদ্যোক্তারা। আলোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে অযোধ্যার নানা দৃশ্যও। ফলে দেবী দর্শনের পাশাপাশি আলোর ক্যানভাসে রামকথা দেখতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। 
এই আলোকসজ্জার পিছনে রয়েছে সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহও। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর দেশজুড়ে রামকে ঘিরে যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে, তার ছাপ পড়েছে উৎসবের মণ্ডপেও। আর এক্ষেত্রে রাজনৈতিক ইস্যুকেও সামনে আনছেন কেউ কেউ। 
ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় তৃণমূল হেরেছে। পূর্ববর্তী সরকারের আমলে ‘জয় শ্রীরাম’ স্লোগানকে নিয়ে বিভিন্ন ঘটনাও ঘটেছে। তাই বাংলায় পালাবদলের পরে কালীপুজোসহ বিভিন্ন ধর্মীয় উৎসবের ঐতিহ্য ও জাঁকজমক বেড়েছে বলে দাবি বিজেপি নেতাদের। বারাসতের শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের কালীপুজোর অন্যতম উদ্যোক্তা সুবীর শীলের বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে নষ্ট করেছেন। রামনবমী থেকে রামমন্দির প্রতিষ্ঠার কর্মসূচির বিরোধিতা করেছেন। তাই আজ ওঁর এই হাল! আমাদের লক্ষ্য, বাংলার গরিমাকে ধরে রাখা। সেই ভাবনা থেকেই আলোকসজ্জায় এই ভাবনা নিয়েছি। 
অন্যদিকে, রাজা সাহানি নামে আরেক উদ্যোক্তার আবার বক্তব্য, তৃণমূল গিয়ে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের ভাবনা চিরাচরিত। এটাতে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা দেখতে পাচ্ছি।
একদিকে শক্তির আরাধনা, অন্যদিকে আলোর কারসাজিতে রামকাহিনি! প্রতিমা ও মণ্ডপের পাশাপাশি আলোর গল্পও হয়ে উঠেছে দর্শক টানার বড়ো হাতিয়ার। অমাবস্যার রাতে তাই বারাসতের আকাশে-বাতাসে দেবী কালীর বন্দনা, আর মণ্ডপের বাইরে আলোর রাজ্যে রামায়ণের জয়গান। কালীপুজোয় বারাসত যেন এবার রামময়!