থানার বারাকে খোদ পুলিশের গাড়িচালকের ঝুলন্ত মৃতদেহ, বাঁশদ্রোণীতে চাঞ্চল্য
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণী থানার বারাক থেকে উদ্ধার হল পুলিশের এক ড্রাইভারের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে থানা চত্ত্বরে এই দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সঞ্জয় হালদার (৪২) নামে  ওই পুলিশ কর্মী থানার বড় গাড়ি চালাতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক মহিলা সিভিকের ভলান্টিয়ারের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে  পারিবারিক টানাপোড়েনের মধ্যে ছিলেন সঞ্জয়। তার জেরে নাকি অন্য কোনও কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তদন্ত করছে থানা। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বেশ কয়েকবছর ধরে বাঁশদ্রোণী থানায় পোস্টিং রয়েছেন। তিনি আদালতে অভিযুক্তকে নিয়ে যাওয়া ও টহলদারির জন্য থাকা বড় ভ্যান চালাতেন। থানার উপরে পুলিশ কর্মীদের বারাকেই থাকতেন। বৃহস্পতিবার তাঁর মর্নিং ডিউটি ছিল। সময় হয়ে যাওয়ার পরেও ঘর থেকে না বের হওয়ায় সাতটা নাগাদ তাঁর খোঁজ শুরু হয়। এরমাঝে জরুরি প্রয়োজনে থানার বড় গাড়িটি বের করার প্রয়োজন পড়ে। সঞ্জয়ের মোবাইলে ফোন করে অন্যরা। কিন্তু কোনো উত্তর মেলেনি। তাঁর খোঁজ না মেলায় ডিউটি অফিসার বারাকে যান তাঁকে খুঁজতে। উপরে উঠে তিনি দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পরেও কোনও  সাড়াশব্দ আসেনি। বিষয়টি ডিউটি অফিসার ওসিকে জানান। এরপর সকলের উপস্থিতিতে বারাকের দরজার গেট ভাঙা হয়। কর্তব্যরত অফিসার ভিতরে ঢুকে দেখেন, সিলিংয়ে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ ড্রাইভার। সঙ্গে সঙ্গে অফিসাররের তরফে থানার ওসি সহ ঊর্ধ্বতন কর্তাদের বিষয়টি জানানো হয়। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সঞ্জয়কে। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। ফোন ঘেঁটে মৃত্যুর আগে তিনি কাউকে মেসেজও পাঠাননি বলে জানা গিয়েছে।
আত্মঘাতী হওয়ার কারণ খুঁজতে গিয়ে তদন্তকারীরা জানতে পারছেন, এই থানাতেই কর্তব্যরত এক সিভিকের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক তৈরি হয় সঞ্জয়ের। দুজনেই বিবাহিত ছিলেন।  একসঙ্গে ডিউটি করতেন।  তাঁদের এই সম্পর্ক নিয়ে থানায় চর্চা শুরু হয়। যে কারণে ওই সিভিককে মাস পাঁচেক আগে বদলি করে দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। অভিযোগ এই সম্পর্কের কথা সঞ্জয়ের বাড়ির লোকজন জানতে পারলে অশান্তি শুরু হয়। সূত্রের খবর, এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে রাজি ছিলেন না চালক। এই নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। সেই ব্যক্তিগত টানাপোড়েন থেকে ওই পুলিশ  ড্রাইভারের মানসিক অবসাদ তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে এই কারণেই তিনি আত্মঘাতী হলেন নাকি এর পিছনে কোনো কারণ রয়েছে, সেটা সঞ্জয়ের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবে পুলিশ।-নিজস্ব চিত্র