নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: বিরাট লক্ষ্মীলাভ হল স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) মহিলাদের। ২০২৪-২৫ সালে মেলায় সামগ্রী বিক্রি থেকে সরকারি স্টলে জিনিস সরবরাহ— সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়েছে তাঁদের। পঞ্চায়েত দপ্তর হিসাব করে এমনই তথ্য পেয়েছে। এর মধ্যে জেলা ও ভিন রাজ্যে মেলায় অংশগ্রহণ করে সব থেকে বেশি রোজগার হয়েছে এই মহিলাদের। জানা গিয়েছে, কাঁথা স্টিচ, তাঁতের শাড়ি সহ বিভিন্ন পোশাক যেমন ক্রেতাদের চাহিদার তালিকায় ছিল তেমনই খাবারের মধ্যে গুড়, তুলাই পাঞ্জি চাল প্রভৃতি ভালো বিক্রি হয়েছে। সব মিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী এইসব মেলায় তাদের তৈরি করা নানা সামগ্রী বিক্রি করেছে। তার থেকেই প্রায় ৬৮ কোটি টাকা রোজগার করেছেন মহিলারা। এছাড়াও এই সামগ্রী বিক্রি করার জন্য বহু জেলায় সৃষ্টিশ্রী আউটলেট রয়েছে, সেখান থেকেও সাধারণ মানুষ বিপুল পরিমাণ জিনিস কেনাকাটা করেছেন। তার থেকে আয় হয়েছে প্রায় চার কোটি টাকা। সরকারি ও বেসরকারি সংস্থায় নানা সামগ্রী সরবরাহ করেও ৮ কোটি টাকার বেশি রোজগার করেছেন মহিলারা।



