পারদ নামতেই জমজমাট হস্তশিল্প মেলা
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অঘ্রানের সন্ধ্যায় ঠান্ডার আমেজ। দার্জিলিং থেকে বাঁকুড়ায় ভিড় জমাচ্ছেন অগুনতি মানুষ। কেউ গরম চা-কফিতে চুমুক দিচ্ছেন, কেউ খাচ্ছেন পিঠে! আকভানের কাদা শুকোতেই ঠান্ডার আমেজে নিউটাউনে জমে উঠেছে রাজ্য হস্তশিল্প মেলা। বৃষ্টির জেরে প্রথম দিকে কেনাকাটায় ধাক্কা খেয়েছেন শিল্পীরা। ১৩ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। তাই আগামী দিনে ভিড় আরও বাড়বে বলেই আশাবাদী তাঁরা। বাড়বে কেনাকাটাও।

Advertisement

নিউটাউনে সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা। বিপত্তি সঙ্গী করেই হয় উদ্বোধন। অকালের ব্যাপক বৃষ্টিতে মাঠ কাদায় ভরে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে ইট-বালি দ্রুত পেতে ক্রেতাদের জন্য ব্যবস্থাও করা হয়েছিল। এখন মাঠ শুকনো। দিব্যি পসরা সাজিয়ে বসেছেন হস্তশিল্পীরা। দার্জিলিং, কালিম্পং থেকে বাঁকুড়া, পুরুলিয়ার স্টলে ক্রেতাদের ভিড়। কেউ কিনছেন দার্জিলিংয়ের মাফলার, টুপি, স্টোল। আবার কেউ কিনছেন বিষ্ণুপুরের বালুচরি, পাঁচমুড়ার টেরাকোটা, মুর্শিদাবাদের সিল্ক। কদর বেড়েছে বর্ধমান নতুনগ্রামের পেঁচা-রাজা-রানির টুল, টেবিল, চেয়ারের। এক বিক্রেতা বলেন, প্রথমদিকে ক্রেতা তেমন হয়নি। এখন আসতে শুরু করেছে। ভিড় হচ্ছে। তবে, মেলা চলবে এখনো দু-সপ্তাহের বেশি। তাই বিক্রিবাটা ভালোই হবে। প্রশাসনের এক আধিকারিক বলেন, গতবার ৭৬ কোটি ১৮ লক্ষ টাকার মতো বেচাকেনা হয়েছিল। ক্রেতারা আসছেন। ছুটির দিনে ভিড় বাড়বে। আমরা চাই, বিক্রির রেকর্ড বাড়ুক। শিল্পীরা উপকৃত হবেন। -নিজস্ব চিত্র