নিজস্ব প্রতিনিধি, তমলুক: ৮৭ কোটি টাকা খরচে তমলুকের নিমতলা থেকে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় পর্যন্ত রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ৩৮.৫৪কিলোমিটার রাস্তা থেকে জলের পাইপ লাইন, বিদ্যুৎ বণ্টন সংস্থার খুঁটি, স্ট্রিটলাইট সরাতে খরচ হবে ৮২কোটি টাকা। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের পাইপলাইন ও স্ট্রিটলাইট, তমলুক এবং হলদিয়া পুরসভার স্ট্রিটলাইট ও পাইপ লাইনও পড়েছে। ৮২কোটি টাকা খরচে ওইসব খুঁটি, পাইপলাইন সরানোর কাজও শুরু হয়েছে। পূর্তদপ্তরের জায়গা খালি করার জন্য মহিষাদল, নন্দকুমার সহ বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। ৩১ জুলাই সময়সীমা দিয়ে পূর্তদপ্তরের জায়গা থেকে কাঠামো ভাঙা ও সরানোর নির্দেশ দেওয়া হয়। চুন দিয়ে এলাকা মার্কিং করে দেওয়া হয়। সেইমতো পুজোর মুখে মহিষাদল, নন্দকুমার, ব্যবত্তারহাট সহ বিভিন্ন জায়গায় দোকানপাট, স্টল ভাঙার কাজ শুরু হয়েছে।
তমলুক শহরের নিমতলা থেকে হলদিয়া শহরের মঞ্জুশ্রী মোড় পর্যন্ত ৩৮কিলোমিটার রাস্তা সাত মিটার চওড়া। এই রাস্তায় যানবাহন আগের তুলনায় অনেক বেড়েছে। যে কারণে রাস্তা আরও চওড়া হওয়া দরকার। সেই জন্য পূর্তদপ্তরের(সড়ক) তরফে ওই রাস্তা ১০মিটার চওড়া করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেইমতো রাজ্য সরকার রাস্তা চওড়া করার জন্য ৮৭কোটি টাকা বরাদ্দ করেছে। সেইসঙ্গে রাস্তা থেকে পাইপলাইন, ইলেক্ট্রিক খুঁটি, স্ট্রিটলাইট সরানোর জন্য আরও ৮২কোটি টাকা বরাদ্দ হয়েছে। মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত ওই সড়কে শুধুমাত্র তমলুক শহর এলাকায় রাস্তা সম্প্রসারণ হয়েছে। কিন্তু, তমলুক থেকে মেচেদা এবং তমলুক থেকে হলদিয়া রাস্তা চওড়া হয়নি। ২০২৪সালে নভেম্বর মাসে তমলুক-হলদিয়া রাস্তা সম্প্রসারণের জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। ওই রাস্তার অনেক জায়গায় পূর্তদপ্তরের জমিতে দোকানপাট রয়েছে। আপাতত ফাঁকা জায়গায় কাজ চলছে। যেসব জায়গায় দোকানপাট রয়েছে সেখানে কাজ শুরু হয়নি। দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করার পর মাপজোক করে দাগ কেটে দেওয়া হয়েছে। সেইমতো ভাঙার কাজও শুরু হয়েছে।
জানা গিয়েছে, ২০২৬সালের ২১এপ্রিলের মধ্যে হলদিয়া-তমলুক রাস্তা ১০মিটার চওড়া করার কাজ শেষ করার টার্গেট রাখা হয়েছে। ওই কাজ শেষ হলে পরবর্তী পদক্ষেপে তমলুক থেকে মেচেদা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হাতে নেওয়া হবে। ডিমারি, কাঁকটিয়া, বুড়ারি সহ ওই রাস্তার বরাবর পূর্তদপ্তরের জায়গার উপর অসংখ্য দোকানপাট গড়ে ওঠেছে।
পূর্ত দপ্তরের(সড়ক) তমলুক ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অরুণকুমার পাল বলেন, তমলুক-হলদিয়া রাস্তা সম্প্রসারণ প্রজেক্টে মোট ১৬৯ কোটি টাকা খরচ হবে। তারমধ্যে রাস্তা সম্প্রসারণে খরচ হবে ৮৭কোটি টাকা। বাকি টাকা খরচ হবে জলের পাইপ, স্ট্রিটলাইট ও ইলেক্ট্রিক খুঁটি সরানোর জন্য। আগামী বছর এপ্রিলের মধ্যে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।