নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যে মানব কেশের ব্যবসার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। শুধুমাত্র কলকাতা বিমানবন্দর থেকেই বিদেশে রপ্তানি হয় বছরে প্রায় ছ’হাজার কোটি টাকার চুল। এই কুটির শিল্পকে আরও চাঙা করতে ক্লাস্টার তৈরির পরামর্শ দিলেন এমএসএমই দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। বুধবার প্লাস্টিক এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এখানকার চুল চীনে পাড়ি দিচ্ছে এবং সেখানে তা আরও উন্নত পণ্যে পরিণত হচ্ছে এবং তারা বেশি দাম পাচ্ছে। এখানে যদি যন্ত্রপাতির আধুনিকীকরণের মাধ্যমে সেই ব্যবস্থা করা যায়, তাহলে বাংলার কর্মীরা আরও বেশি আর্থিক লাভ পাবেন। তিনি বলেন, আমরা ক্লাস্টার তৈরির উদ্যোগ নেব। তা যেমন পণ্য উৎপাদন সহায়ক হবে, তেমনই ওই শিল্পের কারণে সৃষ্টি হওয়া দূষণ কমবে।



