এটাওয়া: আত্মীয়দের ট্রেনে তুলে দিতে বন্দে ভারতে উঠেছিলেন। সেটাই কাল হল। নামার আগেই বন্ধ হয়ে যায় স্বয়ংক্রিয় দরজা। অগত্যা পরবর্তী স্টেশন পর্যন্ত যাত্রা করতেই হল। তবে ট্রেন থেকে নেমেও রেহাই মেলেনি। স্টেশনে নামতেই ১২ জনকে জরিমানা করল রেল। মাথাপিছু ৩ হাজার টাকা। সবমিলিয়ে ৩৬ হাজার টাকা। গত রবিবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের কানপুর।
রবিবার কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়িয়ে ছিল বারাণসী থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস। কানপুরের বিভিন্ন এলাকা থেকে পরিবারের সদস্যকে ট্রেনে তুলতে এসেছিলেন ১২ জন। তাঁরাও উঠেছিলেন কামরায়। দলে মহিলাদের পাশাপাশি শিশুরাও ছিল। আচমকা ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। নির্দিষ্ট স্টেশন ছাড়া এই দরজা খোলা সম্ভব নয়। ফলে ট্রেন থেকে আর নামা হয়নি। কিছু পরেই ট্রেন ছেড়ে দেয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আত্মীয়দের উদ্বেগ বাড়তে থাকে। ট্রেনের ভিতরে আটকে পড়া ব্যক্তিরা রেল কর্মীদের কাছে দরজা খোলার আরজি জানান। তবে নিরাপত্তা ও প্রযুক্তিগত বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে বেশ কয়েকজন প্রতিবাদ জানাতে শুরু করেন। সবকিছু শোনার পর তুন্ডলা রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করেন ট্রেন কর্মীরা। কন্ট্রোল রুমের নির্দেশ মেনে সকাল ১০টা ৪৯ নাগাদ এটাওয়া জংশনে ট্রেন থামে। সেখানে বিনা অনুমতিতে ট্রেনে ওঠার অভিযোগে ১২ জনকে মাথাপিছু ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



