Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঋষভের উপর আস্থা ছিল: জাহির

ঋষভের উপর আস্থা ছিল: জাহির
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: নিলামে ২৭ কোটি দর উঠেছিল ঋষভ পন্থের। কিন্তু সেই রেকর্ড দামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আক্রমণাত্মক সেঞ্চুরির আগে ব্যাট হাতে চরম হতাশাই উপহার দিয়েছেন বাঁ হাতি তারকা। ১২ ইনিংসে করেছিলেন মাত্র ১৫১ রান। পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসও প্লে-অফে উঠতে ব্যর্থ। আরসিবি’র বিরুদ্ধে মঙ্গলবার পন্থ চেনা মেজাজে ধরা দিয়েছেন। হাঁকিয়েছেন চোখ ধাঁধানো সেঞ্চুরি। তা সত্ত্বেও জিততে পারেনি এলএসজি। লখনউয়ের মেন্টর জাহির খান অবশ্য মনে করছেন, এবারের অভিজ্ঞতা পন্থকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে।

Advertisement

লখনউয়ের টিম ম্যানেজমেন্ট যে ২৭ বছর বয়সির উপর আস্থা হারায়নি, জাহিরের বক্তব্যেই তা স্পষ্ট। প্রাক্তন তারকা পেসার বলেন, ‘নেতা হিসেবে মরশুমজুড়ে ও দক্ষতার পরিচয় রেখেছে। এটা ইতিবাচক দিক। আর ব্যাট হাতে ব্যর্থতা থেকে ও শিক্ষা নেবে। তবে পন্থের দক্ষতা ও যোগ্যতা নিয়ে আমাদের কারও মনেই বিন্দুমাত্র সংশয় নেই।’ বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬১ বলে ১১৮ রানের ইনিংসে পন্থ ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। জাহির বলেছেন, ‘আমরা খুশি যে, মরশুমটা দারুণভাবে শেষ করেছে ও। এতটাই প্রভাব ফেলার ক্ষমতা রয়েছে পন্থের।’ ১৪ ম্যাচে ১২ পয়েন্টে শেষ করেছে লখনউ। ঠিকানা সপ্তম স্থানে। এই সম্পর্কে জাহিরের মূল্যায়ন, ‘আইপিএল শুরুর সময় প্লে-অফই থাকে প্রাথমিক লক্ষ্য। আমাদের কয়েকজন বোলার চোটের জন্য ছিটকে যাওয়ায় সমস্যার মুখে পড়েছিলাম। তবে তাতে খুব বেশি মনোযোগ দিইনি। কী করে জেতা যায়, তাতেই নজর দিয়েছিলাম। আমাদের মরশুমটা একেবারেই সাদামাটা গিয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে সেরাটা দিতে পারিনি।’
বোলিং নিয়ে ব্যথা থাকলেও ব্যাটিং বিভাগের ধারাবাহিকতা স্বস্তি দিয়েছে জাহিরকে। আইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান— বিদেশি ব্যাটসম্যানরা সকলেই ভরসা জুগিয়েছেন। মেন্টরের বক্তব্য, ‘এটা দারুণ ইতিবাচক দিক। আমাদের ব্যাটিং শক্তিশালী ছিল। কিন্তু বোলিংয়ে সঠিক কম্বিনেশন খুঁজতে সমস্যায় পড়তে হয়েছে। কাদের খেলালে সমস্যার সমাধান হবে, তা নিয়ে ভাবতে হয়েছে বার বার। মরশুম জুড়েই কাঁটার মতো বিঁধেছে বোলিং বিভাগ। শেষ পর্যন্ত সেই সমাধান মেলেনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ