সংবাদদাতা, বনগাঁ: তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন এক ব্যবসায়ী। এই দাবিতে বনগাঁ থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। মঙ্গলবার বনগাঁর ব্যবসায়ী বিকাশ সাহা ওরফে বাপন সাহার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
বিধায়ক এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, বস্ত্র ব্যবসায়ী বাপন সাহা গত ২৮ তারিখ সাংবাদিক সম্মেলন করে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনেছেন। এমনকী টাকা দাবি করে একাধিকবার ফোন, হুমকি দেওয়ার মতো অভিযোগও আনেন ব্যবসায়ী। এই পরিপ্রেক্ষিতে থানার দ্বারস্থ হয়েছেন বিধায়ক দেবদাসবাবু। এদিন তিনি বলেন, ব্যবসায়ী বাপন সাহা দাবি করেন, ভোটের আগে আমি নাকি তাঁর কাছে টাকা চেয়ে ৪০ বার ফোন করেছি। এতে আমার সম্মানহানি হয়েছে। আমি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ঘটনার প্রমাণ দাবি করেছি। তাঁকে প্রমাণ দিতেই হবে। পাশাপাশি বিধায়ক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন।এবিষয়ে ব্যবসায়ী বাপন সাহা বলেন, আমি বিধায়কের সম্পর্কে যে কথা বলেছি, সেগুলি ভিত্তিহীন নয়।