নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘড়ির কাঁটায় সকাল ৮টা বেজে ২০ মিনিট। রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সের ফেন্সিং ঘেঁষে কাশফুলের সারি জানান দিচ্ছে, শারদোৎসব আসন্ন। কিন্তু ইস্ট বেঙ্গলের কি সেই আবেগে গা ভাসানোর সময় আছে? সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। তার আগে বুধবার ক্লাবের মাঠে আইএফএ শিল্ডের ম্যাচ। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। মেসি বাউলিরা ইতিমধ্যেই চোখধাঁধানো ফুটবল উপহার দিয়েছেন। তাই লড়াইটা সহজ হবে না। তবে ঘরের মাঠে পাঞ্জাবকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ লাল-হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই টুর্নামেন্টের শেষ চারে টিকিট নিশ্চিত ইস্ট বেঙ্গলের। তবে গ্রুপ সেরার তকমা পেতে পাঞ্জাব ম্যাচ জেতা জরুরি। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। বিদেশিদের নিয়েই পূর্ণশক্তির দল মাঠে নামানোর পরিকল্পনা মশাল বাহিনীর। পাশাপাশি অন্য পরিকল্পনাও রয়েছে। ১৯৭৫ সালে আজকের দিনেই ঐতিহাসিক শিল্ড ফাইনালে মোহন বাগানকে ৫-০ গোলে পরাজিত করে মশালবাহিনী। দুই প্রধানের সাক্ষাতে এটাই সর্বাধিক ব্যবধানে জয়। সেই ম্যাচে লাল-হলুদ জার্সির যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সংবর্ধিত হওয়ার পাশাপাশি দলের ম্যাচও দেখবেন শ্যাম থাপারা।



