নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিরোধ মতাদর্শগত। ব্যক্তিগতভাবে সম্পর্ক খুবই ভালো। বৃহস্পতিবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা। সেখানে মোদিকে ‘গুজরাতি বন্ধু’ বলেও উল্লেখ করেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা। তারপরেই সোশ্যাল মিডিয়া পোস্টে ‘ভাই’ সম্মোধন করে পিত্রোদাকে দীপাবলি ও গুজরাতি নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি। তিনি লিখেছেন, ‘স্যাম ভাই ও তাঁর স্ত্রী অঞ্জলি বেহেনকে দীপাবলি ও গুজরাতি নববর্ষের শুভেচ্ছা। আগামী বছর খুব ভালো কাটুক। জয় জগন্নাথ।’
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পিত্রোদা বলেছেন, ‘উনি আমার গুজরাতি বন্ধু। তাঁকে সম্মান করি। তিনি একজন ভালো বক্তা। কর্মঠ। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমাদের কোনো ব্যক্তিগত বৈরিতা নেই। গুজরাতি নেতা হিসাবে মোদির সঙ্গে কোনো বিরোধ নেই।’ তিনি আরও বলেন, ‘আমি ও আমার স্ত্রী একাধিকবার মোদির গুজরাতের বাড়িতে গিয়েছি। ব্যক্তিগত পর্যায়ে তিনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ।’ তবে দু’জনের মতাদর্শগত বিরোধের বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন স্যাম। তিনি বলেন, ‘মোদি যেভাবে দুনিয়াকে দেখেন তার সঙ্গে আমার কোনো মিল নেই। তাঁর মতাদর্শ নিয়েও আমার মতভেদ রয়েছে। তবে ব্যক্তিগতভাবে দু’জনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। আমি তাঁর সঙ্গে রাতের খাবারও খেতে পারি।’ স্যাম পিত্রোদার এই বক্তব্যের ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছিল সংবাদসংস্থাটি। সেটিকেই রিপোস্ট করে ক্যাপশনে কংগ্রেস নেতাকে শুভেচ্ছা জানান মোদি।



