Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামনে গিলের গুজরাত, আজ ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দরাবাদ

খাতায় কলমে আইপিএলের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ।

সামনে গিলের গুজরাত, আজ ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দরাবাদ
  • ৬ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

হায়দরাবাদ: খাতায় কলমে আইপিএলের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে ২৮৬ রান তুলে সাড়া ফেলে দিয়েছিলেন ট্রাভিস হেডরা। কিন্তু তারপরই ছন্দপতন। শেষ তিন ম্যাচে হেরে টেবিলের তলানিতে প্যাট কামিন্সের দল। এমন পরিস্থিতিতে রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে হায়দরাবাদ। ঘরের মাঠ উপ্পলে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য কমলা-ব্রিগেডের।

Advertisement

সানরাইজার্সের লড়াইটা অবশ্য সহজ হবে না। হার দিয়ে অভিযান শুরু করলেও শেষ দুটি ম্যাচে জিতেছে গুজরাত। সেই সুবাদে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তারা। ছন্নছাড়া হায়দরাবাদের মাঠে জয়ের হ্যাটট্রিকে চোখ শুভমান গিলদের। গুজরাতের ব্যাটিং বিভাগ দারুণ ছন্দে। ওপেনার সাই সুদর্শন তিন ম্যাচে ৬২ গড়ে ১৮৬ রান করেছেন। গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জস বাটলারও। এছাড়া রানের মধ্যে আছেন অধিনায়ক শুভমান গিল। গুজরাতের বোলিং আক্রমণও যথেষ্ট ধারালো। পেস বিভাগে আছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার মতো নাম। তবে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা দেশে ফেরায় বিকল্প খুঁজতে হবে তাদের। স্পিন বিভাগে প্রধান ভরসা রশিদ খান। সব মিলিয়ে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে গুজরাত টাইটান্স।
পক্ষান্তরে, নিজেদের দিনে যে কোনও দলকে তছনছ করে দিতে পারে হায়দরাবাদ। ট্রাভিস হেড-অভিষেক শর্মার ওপেনিং জুটি দাঁড়িয়ে গেলে বিপক্ষ বোলারদের কপালে দুঃখ রয়েছে। এছাড়া রয়েছেন ঈশান কিষান ও হেনরিখ ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটার। কিন্তু অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়েই ডুবছে হায়দরাবাদ। শুরুর দিকে উইকেট পড়লে মিডল অর্ডারে ইনিংসের হাল ধরার কেউ নেই। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি গত মরশুমে দারুণ ছন্দে ছিলেন। তবে চলতি আসরে এখনও পর্যন্ত দাগ কাটতে পারেননি। হায়দরাবাদের বোলিংও খারাপ নয়। পেস বিভাগে মহম্মদ সামি, প্যাট কামিন্সের মতো তারকা রয়েছেন। স্পিনে ভরসা অ্যাডাম জাম্পা। এছাড়া তরুণ জিসান আনসারিও নজর কেড়েছেন। তাই ভুলত্রুটি শুধরে রবিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া কমলা ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ