নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গেস্ট হাউস থেকে রেস্তরাঁ। হিমঘর থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। শিলিগুড়িতে এভাবেই সাজিয়ে তোলা হবে উত্তর-পূর্ব ভারতের বৃহৎ রেগুলেটেড মার্কেটকে। মঙ্গলবার সংশ্লিষ্ট মার্কেটে বসে এমন পরিকল্পনার কথা জানান কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি জানান, পাহাড়ের কমলা লেবু, অ্যাভোকাডো ও শিলিগুড়ির আনারসের সংরক্ষণ কেন্দ্র, হোলসেল চেন গড়ে তোলা হবে। ওসব ফল এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানি করা হবে।
শিলিগুড়ি শহরের মাল্লাগুড়িতে ওই রেগুলেটেড মার্কেট। প্রায় ৫০ একর জমির উপর মার্কেটটি। দৈনিক এখানে ২০ লরি সবজি আসে। স্থানীয় বাজারের পাশাপাশি এখান থেকে সবজি, মাছ পাহাড়ে এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়। কালিম্পং সফর সেরে এদিন দুপুরে মার্কেটে আসেন কৃষি বিপণন মন্ত্রী। তিনি মার্কেটের সবজি, মাছ বাজার সহ গোটা এলাকা পরিদর্শন করেন।
ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মার্কেটের পরিকাঠামো উন্নয়ন করার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এই মার্কেটে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ব্যবসায়ীদের প্রস্তাব অনুসারে এখানে গেস্ট হাউস, রেস্তরাঁ, পানীয় জলের সুব্যবস্থা করা হবে। এখানে গড়া হবে কোল্ডস্টোরেজ। রাস্তা সংস্কার, নিকাশি সমস্যা সমাধান, গেটের ব্যবস্থা করা হবে। এই মার্কেটে দৈনিক বিপুল পরিমাণ বর্জ্য জমে। তা সরানোর জন্য পুরসভাকে কর দিতে হয়। তাই এখানে নিজেরাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, থার্মোকল ও প্লাস্টিক প্রক্রিয়াকরণ ইউনিট গড়া হবে। এতে দূষণ নিয়ন্ত্রণ হবে। সার তৈরি হবে। তা বিক্রি করে সমিতির আয় হবে। একইভাবে রাজ্যের ৫০টি রেগুলেট মার্কেট ঢেলে সাজানো হবে।
কয়েক বছর আগে এখানে স্টল বিলি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। মন্ত্রী বলেন, কিছু অভিযোগ এসেছে। সেগুলি নিয়ে এফআইআর হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না। তাঁর পাশে থাকা কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক বলেন, স্টল বণ্টন নিয়ে ওই অনিয়মের অভিযোগ পুলিশের সাইবার সেল খতিয়ে দেখছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা হবে।
এদিকে, পাহাড়ের ‘রানি’ কমলা লেবু ও সমতলের আনারসের খ্যাতি বহুদূর ছড়িয়েছে। কিন্তু, এগুলির দাম তেমন মিলছে না বলে অভিযোগ। মন্ত্রী বলেন, এই মার্কেটেই হিমঘর এবং কমলা, অ্যাভোকাডো ও আনারসের হোলসেল মার্কেট গড়া হবে। এতে স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের উপকার হবে বলেই আশা করছি।