Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মরশুমের শুরুতে রড্রির চোট চিন্তা বাড়াচ্ছে গুয়ার্দিওলার

হাঁটুর চোটের কারণে গত মরশুমের অধিকাংশ সময়েই মাঠের বাইরে ছিলেন রড্রি

মরশুমের শুরুতে রড্রির চোট চিন্তা বাড়াচ্ছে গুয়ার্দিওলার
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: হাঁটুর চোটের কারণে গত মরশুমের অধিকাংশ সময়েই মাঠের বাইরে ছিলেন রড্রি। প্রিমিয়ার লিগের শেষ পর্বে কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামেন স্প্যানিশ মিডিও। ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার-ফাইনালের ম্যাচে কুঁচকিতে চোট পান এই তারকা মিডিও। তারপর কেটে গিয়েছে প্রায় ছয় সপ্তাহ। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। ফলে নতুন মরশুমের শুরুতে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে কোচ পেপ গুয়ার্দিওলাকে। স্বাভাবিকভাবেই বেশ চিন্তায় রয়েছেন স্প্যানিশ কোচ। 

Advertisement

১৬ আগস্ট উলভসের বিরুদ্ধে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে ম্যান সিটি। এই ম্যাচের আগে অবশ্য প্রস্তুতি ম্যাচে পালেরমোর মুখোমুখি হবে পেপ ব্রিগেড। সেই ম্যাচের আগে সিটি কোচ জানান, ‘রড্রি ক্রমশ সুস্থ হয়ে উঠছে। হাঁটুর চোটের কারণে গত মরশুম ওকে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল। তারমধ্যে আবার কুঁচকির চোট চিন্তা বাড়িয়েছে। বর্তমানে ও দলের সঙ্গেই রিহ্যাব করছে। প্রতিনিয়ত ডাক্তারের পরামর্শ নিচ্ছে। আশা করছি, খুব দ্রুত ও মাঠে ফিরবে।’ পাশাপাশি ফিল ফোডেনেরও চোট সম্পর্কে পেপ জানান, ‘ফিল এখন অনেকটাই সুস্থ। ওর চোট গুরুতর নয়। তবে আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাইনি। তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’
গত মরশুমটা মোটেই ভালো কাটেনি ম্যান সিটির।  ২০১৬-১৭ মরশুমের পর কোনও মেজর ট্রফি জয়ের স্বাদ পায়নি সিটিজেনরা। তাই নতুন মরশুমে খেতাব জয়ের লক্ষ্যে শুরু থেকেই ঝাঁপাতে চায় পেপ ব্রিগেড। সেই সঙ্গে দলের সব ফুটবলারকে দ্রুত সুস্থ করে তোলাই লক্ষ্য স্প্যানিশ কোচের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ