নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় গড়ের তুলনায় জিএসটি আদায় বৃদ্ধির হারে এগিয়ে বাংলা। কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গতবছরের জুলাই মাসের তুলনায় ২০২৫ সালের জুলাই মাসে দেশের জিএসটি আদায় বৃদ্ধির হার ৭.৫ শতাংশ। সেই জায়গায় বাংলায় এই সংশ্লিষ্ট সময়কালে জিএসটি বৃদ্ধির হার ১২ শতাংশ। মঙ্গলবার যথেষ্ট পরিমাণে রাজ্যের জিএসটি আদায় বৃদ্ধি নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সার্বিক আর্থিক উন্নয়নের উপর ভর করেই এই সাফল্য এসেছে। এর থেকেই প্রমাণিত যে বাংলার মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং বাণিজ্য চাঙ্গা হয়েছে।
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, গতবছর জুলাই মাসে পশ্চিমবঙ্গে জিএসটি আদায় হয়েছিল ৫ হাজার ২৫৭ কোটি টাকা। সেই জায়গায় ৫ হাজার ৪৯৫ কোটি টাকা আদায় হয়েছে ২০২৫ সালের জুলাই মাসে। ক্রমাগত রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি হয়েছে জিএসটি আদায়। বিশ্লেষকদের মতে, এটি ভালো অর্থনীতির ফল। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে নগদ জোগান সুনিশ্চিত করার কারণে তা অনেকটাই হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যে জিএসটি আদায় হয়েছিল ৩২ হাজার ৮৫ কোটি টাকা। পরের আর্থিক বছরে তা বেড়ে দাঁড়িয়েছিল ৪৬ হাজার ৮৯৩ কোটি টাকায়। প্রশাসনিক মহলের মতে, চলতি বছরের আর্থিক পরিস্থিতি যা ইঙ্গিত করছে, তাতে মনে করা হচ্ছে বছর শেষে জিএসটি আদায় বিগত সমস্ত বছরের রেকর্ড ভেঙে দেবে।