Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘গ্রোভেল’, প্রোটিয়া কোচের মন্তব্যে শুরু নতুন বিতর্ক

ইডেনে তেম্বা বাভুমাকে ‘বাউনা’ বলায় বিতর্ক তৈরি হয়েছিল। এবার বর্ষাপাড়া স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষে চর্চায় প্রোটিয়া কোচের মন্তব্য।

‘গ্রোভেল’, প্রোটিয়া কোচের মন্তব্যে শুরু নতুন বিতর্ক
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: ইডেনে তেম্বা বাভুমাকে ‘বাউনা’ বলায় বিতর্ক তৈরি হয়েছিল। এবার বর্ষাপাড়া স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষে চর্চায় প্রোটিয়া কোচের মন্তব্য। খেলার শেষে শুকরি কনরাডের গলায় শোনা যায় ‘গ্রোভেল’ শব্দটি। তিনি বলেন, ‘আমরা ভারতকে যতটা সম্ভব বেশি সময় ফিল্ডিংয়ে রাখতে চেয়েছিলাম। ওদের গ্রোভেল করানো ছিল লক্ষ্য। ব্যাটিংয়ের মাধ্যমে ভারতকে পুরোপুরি ম্যাচের বাইরে ছিটকে দেওয়ার স্ট্র্যাটেজি কাজে এসেছে।’ অভিধানে ‘গ্রোভেল’-র বাংলা মানে হল কাউকে তুচ্ছ বা দুর্বল হিসেবে দেখানো, মাথা নিচু করে শুয়ে থাকা বা হামাগুড়ি দেওয়া। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের উদ্দেশে এই শব্দটি ব্যবহার করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক টনি গ্রেগ। যিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত। গ্রেগ মনে করাতে চেয়েছিলেন, ক্যারিবিয়ান দ্বীপগুলিতে দাসপ্রথার যন্ত্রণাময় ইতিহাসকে। বিপক্ষ দল সম্পর্কে কনরাড তাই এমন শব্দ প্রযোগ করতে পারেন কিনা, তা নিয়ে বিতর্ক জোরদার। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যখন বর্ণবৈষম্যের ভয়াবহতা কাটিয়ে উঠেছে তখন সে দেশের কোচের মুখে এই শব্দ শোভনীয় কিনা, সেই প্রশ্ন উঠছে।

Advertisement

ইনিংসের সমাপ্তি ঘোষণায় কেন এত দেরি করল প্রোটিয়ারা, তা নিয়েও চলছে আলোচনা। কোচের যুক্তি, ‘আমরা পঞ্চম দিনের সকালেও নতুন বল ব্যবহার করতে চাই। তাই মঙ্গলবার বেশি ওভার ব্যাট করানো হয়নি ভারতকে। বিকেলের দিকে পিচের একাংশে ছায়া পড়ে। সেটা কাজে লাগানোও ছিল উদ্দেশ্য। তাছাড়া ভারতকে ফিল্ডিং করিয়ে ক্লান্ত করে তুলতেও চেয়েছিলাম।’
স্কোরবোর্ড: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৪৮৯। 
ভারত প্রথম ইনিংস ২০১। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস (২৬-০): রিকেলটন ক সিরাজ বো জাদেজা ৩৫,  মার্করাম বো জাদেজা ২৯, স্টাবস বো জাদেজা ৯৪, বাভুমা ক নীতীশ বো সুন্দর ৩, জর্জি এলবিডব্লু বো জাদেজা ৪৯, মুল্ডার অপরাজিত ৩৫, অতিরিক্ত ১৫, মোট (৭৮.৩ ওভারে) ২৬০-৫ (ডিক্লেয়ার্ড)। উইকেট পতন: ১-৫৯, ২-৭৪, ৩-৭৭, ৪-১৭৮, ৫-২৬০। বোলিং: বুমরাহ ৬-০-২২-০, সিরাজ ৫-১-১৯-০, জাদেজা ২৮.৩-৩-৬২-৪, কুলদীপ ১২-০-৪৮-০, সুন্দর ২২-২-৬৭-১, যশস্বী ১-০-৯-০, নীতীশ ৪-০-২৪-০। ভারত দ্বিতীয় ইনিংস (টার্গেট ৫৪৯): যশস্বী ক ভেরিন্নে বো জানসেন ১৩, রাহুল বো হার্মার ৬, সুদর্শন ব্যাটিং ২, কুলদীপ ব্যাটিং ৪, অতিরিক্ত ২। মোট (১৫.৫ ওভারে) ২৭-২। উইকেট পতন: ১-১৭, ২-২১। বোলিং: জানসেন ৫-২-১৪-১, মুল্ডার ৪-১-৬-০, হার্মার ৩.৫-২-১-১, মহারাজ ৩-১-৫-০।

Advertisement
সম্পর্কিত সংবাদ