Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামীণ এলাকার উন্নয়নে ৩ কোটির পরিকল্পনা গ্রহণ

গ্রামীণ এলাকার উন্নয়নে ৩ কোটির পরিকল্পনা গ্রহণ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা-১ ব্লকের উন্নয়নের জন্য বুধবার একাধিক বৈঠক হল পঞ্চায়েত সমিতির হলঘরে। ২০২৫-’২৬ অর্থবর্ষে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য তিন কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হল। কেন্দ্রীয় ও রাজ্য অর্থ কমিশনের টাকায় পরিকল্পনাগুলি রূপায়িত করা হবে। ৫০ শতাংশ টাকাই পানীয় জল ও স্যানিটেশনের কাজে ব্যবহৃত হবে। 
Advertisement
এদিন ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির পূর্ত, অর্থ ও জেনারেল বডির মিটিং হয়। দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির ন’জন কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায়, দিনহাটা-১ এর বিডিও গঙ্গা ছেত্রী সহ প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকগুলিতে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় পঞ্চদশ অর্থ কমিশনের ১.১৫ কোটি টাকা দিয়ে পানীয় জল ও স্যানিটোশনের কাজ করা হবে। অন্যদিকে, বরাদ্দ ৭০ লক্ষ টাকা গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে ওই টাকায়। রাজ্যের পঞ্চম অর্থ কমিশন থেকে এক কোটির মতো টাকা মিলেছে। সেই টাকা দিয়েও গ্রামীণ এলাকায় উন্নয়ন করা হবে। 
প্রাথমিকভাবে দিনহাটা-১ ব্লক অফিসের জন্য একটি ট্রান্সফরমার কেনার পরিকল্পনা গৃহীত হয়েছে। ব্লক অফিসের বিভিন্ন দপ্তরে বিদ্যুতের চাহিদা বাড়ায় নতুন ট্রান্সফরমার কেনার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। বিভিন্ন সমস্যায় ব্লক অফিসে আসে গ্রামের মানুষ। তাঁদের জন্য শৌচাগারও করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিশু, নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট থাকবে। ব্লক অফিস চত্বরে গাছ লাগানোরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ, বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সদস্যরা বৈঠক করে নিজস্ব এলাকার উন্নয়নের পরিকল্পনা জমা দেবেন। 
দিনহাটা-১ এর বিডিও বলেন, গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য একাধিক বৈঠক করা হয়েছে। ২০২৫-’২৬ অর্থবর্ষে উন্নয়নের জন্য কেন্দ্রের পঞ্চদশ ও রাজ্যের পঞ্চম অর্থ কমিশন থেকে বরাদ্দ তিন কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় বলেন, পূর্ত, অর্থ ও জেনারেল বডির মিটিং করা হয়েছে। বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ