Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

গ্রিলড ফুড

শীতকালে একটু ভিন্ন স্বাদ চেখে দেখুন। বাড়িতে বানানোর মতো সহজ রেসিপিতেই তৈরি করুন বিদেশি রান্না।

গ্রিলড ফুড
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শীতকালে একটু ভিন্ন স্বাদ চেখে দেখুন। বাড়িতে বানানোর মতো সহজ রেসিপিতেই তৈরি করুন বিদেশি রান্না।

Advertisement

স্পাইসি গ্ৰিলড ভেটকি

উপকরণ: ভেটকি মাছ ২টো, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ,  লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ, রোস্টেড জিরে গুঁড়ো ১ চা চামচ, রোস্টেড ধনে গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, বারবিকিউ স্যস ১ টেবিল চামচ, সুইট চিলি স্যস ১ চা চামচ, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদমতো, ভিনিগার ১ চা চামচ, ভেজিটেবল অয়েল  কাপ।

প্রণালী: প্রথমে মাছ ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিন। এবার মাছের গায়ে ছুরি দিয়ে চিরে নিন। তাতে নুন, ভিনিগার মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। একটা বাটিতে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, বারবিকিউ স্যস, সুইট চিলি স্যস, ভেজিটেবল অয়েল মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিন। গ্ৰিল প্যানে‌ মাখন গরম করে মাছগুলো দিন। উচ্চ তাপমাত্রায় ৫ মিনিট ভেজে নিন। তারপর আঁচ কমিয়ে ৫ থেকে ৭ মিনিট ভেজে নিন। ভাজার সময় অল্প অল্প বাটার ব্রাশ করে নিন। তৈরি গ্ৰিলড ফিশ। কিছু পছন্দ মতো সব্জি, যেমন গাজর, ব্রকোলি, বিনস, কড়াইশুঁটি, কর্ন নিয়ে নুন জলে ভাপিয়ে ঠান্ডা জলে রেখে তুলে নিন। নুন, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে মাখনে নেড়ে মাছের সঙ্গে পরিবেশন করুন।

গ্ৰিলড টরটিলা

উপকরণ: টরটিলার জন্য: মকাই আটা ১ কাপ, গমের আটা ১ কাপ, নুন ১ চা চামচ, তেল ২ চা চামচ, বেকিং পাউডার  চা চামচ। ফিলিং-এর জন্য: ডিমের ভুর্জি ১টা, লেবুর রস ১ চা চামচ, নুন স্বাদমতো, গার্লিক পাউডার ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, ব্রেড ক্রাম্বস ১ কাপ, লেটুস, বেলপেপার, ক‍্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি, টম্যাটো জুলিয়ান করে কাটা ১ বাটি, কর্ন ১ কাপ, কোরানো চিজ ১ কাপ, মাখন পরিমাণ মতো।

প্রণালী: টরটিলার সব উপকরণ মিশিয়ে ঈষদুষ্ণ জলে মেখে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। রুটির মতো মেখে ও বেলে নিন। ডিম বাদে ফিলিংয়ের জন্য নেওয়া উপকরণগুলো একসঙ্গে মেখে ২ মিনিট রেখে দিন। এবার একটা বাটিতে ডিম ফেটিয়ে নিন। তাতে নুন, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভুর্জি করে নিন। তার সঙ্গে মেখে রাখা ফিলিংয়ের উপকরণ মিশিয়ে নিয়ে একসঙ্গে সবটা নেড়ে নিন। টরটিলার ওপর এই মিশ্রণ রেখে মুড়ে নিন। তারপর তা গ্রিল প্যানে মাখন গলিয়ে এপিঠ ওপিঠ  গ্ৰিল করে নিন।

গ্ৰিলড চিকেন উইথ লেমন বাটার স্যস

উপকরণ: চিকেন ব্রেস্ট ২ পিস (গোটা), ম্যারিনেশনের জন্য: গোলমরিচ গুঁড়ো ১ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদমতো, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, তেল পরিমাণ মতো।
প্রণালী: চিকেন ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে নুন, আদা বাটা, রসুন বাটা, তেল, লেবুর রস মাখিয়ে আধ ঘণ্টা ম‍্যারিনেট করুন। ময়দায় নুন, চিলি ফ্লেক্স মিশিয়ে চিকেনে মাখিয়ে নিন। গ্ৰিল প্যানে‌ মাখন গরম করে চিকেন দিন। দু’দিক গ্রিল করে রাখুন। লেমন বাটার স্যস তৈরির জন্য একটা প্যানে অল্প মাখন গলিয়ে নিন। কম আঁচে নাড়তে নাড়তে রসুন কুচি ও লেবুর রস যোগ করুন। নুন, গোলমরিচ গুঁড়ো, চিকেন স্টক, মিক্সড হার্বস মিশিয়ে ক্রিম দিন। তারপর পার্সলে পাতা দিন। তৈরি লেমন বাটার স্যস। এবার গ্ৰিলড চিকেন আবার আঁচে বসিয়ে গরম করে নিন। উপর থেকে এই স্যস ঢেলে পরিবেশন করুন।

দেবারতি রায়

Advertisement
সম্পর্কিত সংবাদ