Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কেরির সেঞ্চুরির দিনে ব্যর্থ গ্রিন

৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যালারিতে হাজির ৫৬,২৯৮ জন ক্রিকেটপ্রেমী। তাঁদের সামনেই ঘরের মাঠে শতরান হাঁকালেন অ্যালেক্স কেরি।

কেরির সেঞ্চুরির দিনে ব্যর্থ গ্রিন
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাডিলেড: ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যালারিতে হাজির ৫৬,২৯৮ জন ক্রিকেটপ্রেমী। তাঁদের সামনেই ঘরের মাঠে শতরান হাঁকালেন অ্যালেক্স কেরি। তাঁর দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের তৃতীয় টেস্টে লড়াকু স্কোর খাড়া করল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে আট উইকেটে ৩২৬ তুলেছে হোমটিম। আটটি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো কেরির ১০৬ রানই সচল রাখে স্কোরবোর্ড। 

Advertisement


বড় রান পেয়েছেন উসমান খাওয়াজাও (৮২)। অথচ, তাঁর খেলার কথাই ছিল না। অ্যাসেজের প্রথম দুই টেস্টের অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ খেলতে না পারায় দলে আসেন তিনি। অসুস্থতার জন্য ছিটকে যান স্মিথ। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগান খাওয়াজা। চার নম্বরে নেমে উপহার দেন লড়াকু ইনিংস। তবে বাকিরা পুরোপুরি ব্যর্থ। ট্রাভিস হেড (১০), জেক ওয়েদারল্যান্ড (১৮), মার্নাস লাবুশানে (১৯) বাইশ গজে থিতু হতেই পারেননি। আইপিএল নিলামে রেকর্ড দামে কেকেআরে যোগ দেওয়া ক্যামেরন গ্রিন তো রানের খাতাই খোলেননি। জস ইংলিশ করেন ৩২। চোট সারিয়ে দলে ফেরা ক্যাপ্টেন প্যাট কামিন্সের ব্যাটে আসে ১৩। দিনের শেষে ক্রিজে আছেন মিচেল স্টার্ক (৩৩) ও নাথান লিয়ঁ (০)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম জোফ্রা আর্চার (৩-২৯)। ব্রাইডন কার্স (২-২০), উইল জ্যাকস (২-১০৫), জশ টং (১-৬৩) বাকি উইকেট ভাগ করে নেন। সিডনির বন্ডি সমুদ্রসৈকতে হত্যালীলার প্রতিবাদ হিসেবে এই টেস্টে দু’দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে খেলছেন। মাঠে দুই দলের পতাকাও অর্ধনমিত থাকে। ম্যাচ শুরুর আগে পালিত হয় নীরবতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ