নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গঙ্গার এক পাড়ে চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডুতে মহাসমারোহে জগদ্ধাত্রী পুজো হয়। এছাড়াও গত কয়েকবছর ধরে গঙ্গার অন্য পাড়ে ইছাপুর, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়াতেও হচ্ছে বড়ো মাপের কিছু জগদ্ধাত্রী পুজো। অর্থাৎ গঙ্গার দু’পারেই এখন দেখার মত প্যান্ডেল, আলোর রোশনাই। থিম ও সাবেক ঘরানার মেলবন্ধন পুজো মণ্ডপগুলিতে। আর একটি অভিনব জিনিস এবার দেখা গিয়েছে ইছাপুরে। সরকার বাগান জগদ্ধাত্রী পুজো চত্বরে হচ্ছে আলপনা আঁকা। পাঁচ বছরের শিশু থেকে প্রবীন মানুষ, অংশ নিয়েছেন আলপনা আঁকা প্রতিযোগিতায়। পুজো কমিটি আয়োজন করেছে প্রতিযোগিতার। ঠাকুর এবং প্যান্ডেলের পাশাপাশি আলপনা দেখতেও বহু মানুষ ভিড় করে আসছেন সরকার বাগানে।
বর্তমান সময় আলপনা অনেকে আঁকেন না। তার জায়গা দখল করেছে প্লাস্টিকের স্টিকার। এবার ট্র্যাডিশন ফিরিয়ে আনতে সরকার বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি আয়োজন করেছে আলপনা আঁকা প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা তাতে অংশ নিয়েছেন। চলতি বছর ১০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। শিশু থেকে গৃহবধূ অনেকেই আছেন প্রতিযোগীদের তালিকায়। উদ্যোক্তারা জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতেই এমন প্রতিযোগিতার আয়োজন। রাস্তায় বসে ১০০ প্রতিযোগী সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলেছেন। যাঁরা শুনেছেন তাঁরাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
গণপতি উৎসব দিয়ে বাঙালির যে উৎসবের সূচনা হয়েছিল জগদ্ধাত্রী পুজোর মধ্য দিয়ে তা শেষ হতে চলেছে। বারাকপুর শিল্পাঞ্চলে প্রতিটি উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে এবং হচ্ছে। ইছাপুরে কয়েকটি বড়ো মাপের জগদ্ধাত্রী পুজো হয়। বাদামতলা অধিবাসীবৃন্দের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। তারা দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরি করেছে। ইছাপুর রেলওয়ে স্টুডেন্ট স্পোটিং ক্লাব, গোয়ালপাড়া আমরা সবাই এবং সরকার বাগান সহ বেশ কয়েকটি কমিটির পুজো নজর কেড়েছে সবার। প্রতিমা ও মণ্ডপে তারা চন্দননগরের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা চালিয়েছে। চন্দননগরে যেমন চারদিন ধরে পুজো হয় বারাকপুর শিল্পাঞ্চলে তেমন বুধবার, নবমীর দিন হয় পুজো। অন্যদিকে রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং পুজো উদ্বোধনে গিয়ে চন্দননগরের মত কার্নিভাল হবে বলে জানিয়েছেন। এবং ইছাপুর কালীতলা সার্বজনীন পুজো কমিটিকে জগদ্ধাত্রী মন্দির তৈরি নিয়ে আশ্বাস দিয়েছেন। নিজস্ব চিত্র



