সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার ভেটাগুড়িতে ৮ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল ঠাকুরদার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই উধাও অভিযুক্ত ঠাকুরদা। দিনহাটা থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
কন্যাসন্তানের বাবার অভিযোগ, কয়েকদিন আগে চকোলেট দেওয়ার নাম করে তাঁর ৮ বছরের মেয়েকে ঘরে ডেকে নিয়ে যায় কাকা। এরপর ধর্ষণ করে। পরে মেয়ের ব্যবহারে সন্দেহ হওয়ায় তাকে কোচবিহারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান তাঁরা। চিকিৎসকের কাছে মেয়ে বিষয়টি খুলে বলে। সে জানায়, ঘটনার কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তাই সাহস করে সে কিছু বলতে পারেনি। এরপরেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা
হয়।
এদিকে, ঘটনার কথা জানাজানি হতেই পালিয়ে যায় অভিযুক্ত ঠাকুরদা। তবে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।। গত শনিবার ধৃত মহিলাকে আদালতে তোলে পুলিশ। নির্যাতিতার বাবা বলেন, চকোলেট দেওয়ার নামে ঘরে ডেকে নিয়ে গিয়ে এরকম জঘন্য কাজ করেছে। এখনও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তার কঠোর শাস্তি দিক এটাই চাইছি।
দিনহাটা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, একটি অভিযোগের ভিত্তিতে গত শনিবার ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে তোলে। বিচারক মামলাটি পকসো আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই মত বৃহস্পতিবার সেটি এখানে তোলা হয়।



