নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুজোর আগেই উত্তরবঙ্গে বন্ধ চা বাগান খোলার নির্দেশ রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের। আজ, শুক্রবার শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। একইসঙ্গে বিস্তা বলেন, বর্তমানে উত্তরবঙ্গে বন্ধ বাগানের সংখ্যা ৩০টি। আগামী ১০ দিনের মধ্যে সেগুলি খোলা না হলে তা সরকার অধিগ্রহণ করবে। এদিন শিলিগুড়ির শ্রমিক ভবনে ওই বৈঠক হয়।
শ্রমমন্ত্রী ছাড়াও শ্রম দপ্তরের আধিকারিকরা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে হাজির ছিলেন। বৈঠক শেষে বের হয়ে বিস্তা বলেন, বিগত তৃণমূল কংগ্রেসের জমানায় চা বাগান চালানোর ক্ষেত্রে কোনো নিয়ম-কানুনই মানা হত না। এমনকী চা শ্রমিকরা পুজোর বোনাসও পেতেন না। এবার ২০ শতাংশ করে শ্রমিকদের বোনাস প্রদান করছে বাগান কর্তৃপক্ষ। আগামী ৫ অক্টোবরের মধ্যেই বোনাস প্রদান শেষ করতে বলা হয়েছে।