অনুমতি ছাড়াই লক্ষাধিক টাকার সরকারি গাছে কোপ, শোরগোল
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: নর্থ বাওয়ালির খেজুরতলায় কে পি মণ্ডল রোড সংলগ্ন খালের পাশে লাগানো লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটা নিয়ে শোরগোল পড়েছে। অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই গাছগুলি কেটে ফেলা হয়েছে। সেই কাটা গাছ লরিতে তুলে নিয়ে যাওয়ার সময় তা আটকে দেন বিজেপির স্থানীয় কর্মীরা। পদ্ম শিবিরের নেতা সজল আদকের অভিযোগ, ‘একটি অসাধু চক্র অনেকদিন ধরে গাছগুলি কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। লক্ষ্য ছিল প্রথম ধাপে একটা-দুটো কেটে সরানো হবে। পরবর্তী সময়ে পরিস্থিতি দেখে ধীরে ধীরে সব গাছ কেটে নেওয়া হবে। শুরুতে একটি পূর্ণবয়স্ক ক্ষিরীশ গাছ কেটে ফেলা হয়। সেটি অবশ্য বজ্রপাতের কারণে শুকিয়ে গিয়েছিল। তারপর দুটি মাঝারি সাইজের জীবন্ত গাছ কেটেছে। আমাদের কাছে খবর আসতেই ঘটনাস্থলে গিয়ে বাধা দিই। নোদাখালি থানাকে জানাই। পুলিশ এসে গাছসহ গাড়ি আটক করে। গাছ কাটার সঙ্গে যুক্ত ৩ জনকে ধরা হয়। গরিব লেবার বলে যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’ সজলবাবুর দাবি, অভিযুক্তদের কাছে গাছ কাটার অনুমতিপত্র চাওয়া হয়েছিল। কিন্তু তারা দেখাতে পারেনি। তাদের দাবি, পঞ্চায়েত থেকে নাকি মৌখিকভাবে অনুমতি রয়েছে। বিজেপি নেত্রী পৃথা দে বলেন, ‘গাছ কাটা হল দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে পঞ্চায়েত ও বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখেছি, কেউ গাছ কাটার অনুমতি দেয়নি। তাহলে এর পিছনে কলকাটি নাড়ছে কে? প্রশাসন ও পুলিসের কাছে এটাই আমরা জানতে চেয়েছি।’ বজবজ-২ নং ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বিডিও শুভব্রত চক্রবর্তী বলেন, ‘ওখানে গাছ কাটার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এনিয়ে অভিযোগ এসেছে। তদন্তের জন্য তা বনদপ্তরকে দেওয়া হচ্ছে।’

Advertisement