নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমঘরে মজুত আলু বাইরের রাজ্যে রেলের রেকে করে পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি কুইন্টালে ১০০ টাকা পরিবহণ ভরতুকি দেবে। কৃষি বিপনণ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৩ লক্ষ টন আলু পাঠানোর জন্য এই আর্থিক অনুদান দেওয়া হবে। হিমঘরগুলিতে রাজ্যের নিজস্ব চাহিদার তুলনায় অনেক বেশি পরিমাণে আলু মজুত থাকার জন্য কৃষক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে সরকার। প্রচুর আলু মজুত থাকার কারণে এবার চাষি এবং যাঁরা হিমঘরে আলু সংরক্ষণ করে রেখেছেন, তাঁরা খুব কম দাম পাচ্ছেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, জ্যোতি আলুর ৫০ কেজি বস্তার বন্ড ১৫০ টাকার কমে বিক্রি হচ্ছে। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ মিটিয়ে আলু বার করলে কেজিতে ৭-৮ টাকা দাম মিলছে। এতে মূলত চাষিদের ব্যাপক ক্ষতি হচ্ছে।



