নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী এবং পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীরা অক্টোবর মাসের বেতন/পেনশন পাবেন ১৫ তারিখ। অক্টোবর থেকে ২০ শতাংশ বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিএ) চালু করছে সরকার। সরকারি কর্মী ও পেনশনভোগী ছাড়াও সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা, সরকারি আর্থিক অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের অবসরপ্রাপ্তরাও এই সুবিধা পাবেন। ফলে পুজোর ঠিক মুখে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকতে চলেছে। অর্থদপ্তর বুধবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে। অক্টোবর মাসের ভাতা, মজুরি, সাম্মানিক প্রভৃতিও ওইদিন দেওয়া হবে। ১৫ অক্টোবর থেকেই সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হচ্ছে।
সরকারি অফিসে মাসের শেষ কাজের দিনের আগের দিন বেতনের টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। পেনশন দেওয়া হয় পরের মাসের শুরুতেই। এর আগে পুজোর মাসে সময় অনুযায়ী বেতন এগিয়ে আনার ঘটনা একাধিকবার হয়েছে। তবে প্রবীণ কর্মী ও অবসরপ্রাপ্তরা বলছেন, অতীতে পেনশন পাওয়ার দিন কখনো এগিয়ে আনা হয়নি। এবার অবশ্য অক্টোবর মাস থেকে বর্ধিত হারে ডিএ প্রদানের প্রক্রিয়া শুরু হওয়ায় পরিস্থিতি অন্যরকম ছিল। সরকারি কর্মী ছাড়াও, পেনশনভোগীরা দিন এগিয়ে আনার দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, অক্টোবর মাসের বেতন পুজোর আগেই দেওয়া হবে। পেনশনভোগীদের ক্ষেত্রে অবশ্য সরাসরি তা বলা হয়নি। তবু তাঁদেরও সেই সুবিধা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে সরকারি কর্মী ও পেনশনভোগীরা পুজো এক্সগ্রাশিয়া, অগ্রিম প্রভৃতি পাবেন।