জয়পুর: হরিয়ানার জ্যোতি মালহোত্রার পর এবার নজরে এক সরকারি কর্মী। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হল রাজস্থানের এক সরকারি কর্মীকে। অভিযুক্তের নাম শাকুর খান। বুধবার রাতে জয়সলমিরে জেলাদপ্তরের অফিস থেকে তাঁকে পাকড়াও করে সিআইডি ও গোয়েন্দা সংস্থার যৌথ টিম। সূত্রের খবর, অভিযুক্তের কাছ থেকে একাধিক পাকিস্তানি ফোন নম্বর পাওয়া গিয়েছে। গত কয়েক বছরের মধ্যে সাতবার পাকিস্তানে গিয়েছেন বলে জেরায় স্বীকারও করেছেন শাকুর। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরে নিয়ে গিয়েছেন গোয়েন্দারা। এদিকে, ধৃত শাকুরের সঙ্গে রাজস্থানের কংগ্রেসের যোগ সুর চড়িয়েছে বিজেপিও।
জানা গিয়েছে, একটা সময় রাজস্থানের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের ব্যক্তিগত সহকারী ছিলেন শাকুর। তদন্তকারীদের সন্দেহ, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করতেন তিনি। পহেলগাঁও কাণ্ডের পর তাঁর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। তদন্তের স্বার্থে তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, শাকুরের আর্থিক লেনদেন ও পাকিস্তানে তিনি কোথায় গিয়েছিলেন, সেসব খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, শাকুর ধরা পড়তেই রাজস্থানে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, চরবৃত্তি করতে গিয়ে রাজস্থানে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ধরা পড়েছেন। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া থেকে শুরু থেকে বিশ্বাসঘাতকতা, এটা কংগ্রেসের আসল চেহারা। ‘পাকিস্তান-পুজো’ কংগ্রেসের রক্তে মিশে রয়েছে।