খড়্গপুর, ২১ নভেম্বর: আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তিতে বড় উপহার গুগলের। এআই নিয়ে গবেষণার পাশাপাশি শিক্ষার প্রসারের জন্য ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা করলেন আইআইটি খড়্গপুরেরই প্রাক্তনী তথা গুগলের সিইও সুন্দর পিচাই। ৫ মিলিয়ন ডলার অর্থাৎ, যার ভারতীয় মুদ্রায় পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।
এককালীন এই ক্যাম্পাসেই বড়ো হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই প্রতিষ্ঠানের আজ জন্মদিন। শুধু তাই নয়, খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলির মতো বিশেষ দিনে এই ঘোষণার পরেই আবেগঘন হয়ে পিচাই বলেন, ‘অনেক ভালো স্মৃতি জড়িয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে।’ এছাড়াও তিনি বলেন, ‘আইআইটি খড়্গপুর যেভাবে আমার জীবনকে গড়ে তুলেছিল, ঠিক সেভাবেই এই যৌথ উদ্যোগ আগামী প্রজন্মের শিক্ষার্থীদের পথপ্রদর্শক হয়ে উঠবে। এটি দেখার অপেক্ষায় রইলাম।’ গুগলের সিইও আরও বলেন, ‘ভারতীয় ভাষা, কৃষি এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলোতে আইআইটি খড়্গপুর যুগান্তকারী কাজ করছে, আর সেই কাজের গতি ও প্রভাব আরও বাড়িয়ে তুলতে গুগল অত্যন্ত উৎসাহিত।’
গুগলের তরফে জানানো হয়েছে, এই তহবিলটিতে মূলত তিনটি প্রধান ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হবে। তার মধ্যে রয়েছে এআই গবেষণা, এআই সংক্রান্ত প্রশিক্ষণ এবং এআই সক্ষমতা বৃদ্ধি (ক্যাপাসিটি বিল্ডিং) বা এআই পরিকাঠামোর উন্নয়ন।
প্রসঙ্গত, আজ আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।



