জামশেদপুর: ফের রেল দুর্ঘটনা। এবার ঝাড়খণ্ডের চান্ডিলে সরাইকেলা-খারসোয়ান জেলায় লাইনচ্যুত হল মালগাড়ি। শনিবার ভোরে দক্ষিণপূর্ব রেলওয়ের চান্ডিল-টাটানগর সেকশনে চান্ডিল ও নিমডিহি স্টেশনের মাঝে দু’টি মালগাড়ি পাশাপাশি দুই লাইনে যাচ্ছিল। তখনই একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্রেনে গিয়ে পড়ে। তার জেরে অন্য ট্রেনটিরও বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সব মিলিয়ে অন্তত ২০টি বগি দুর্ঘটনার কবলে পড়ে। এর জেরে চান্ডিলে আপ-ডাউন দুই লাইনেই রেল পরিষেবা ব্যাহত হয়। আদ্রার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার জানান, বগিগুলিকে সরানোর কাজ চলছে। এর জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনগুলি হল - ২০৮৯৭/২০৮৯৮ হাওড়া-রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ২০৮৯৪ পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, ১৮১১৮৩ টাটানগর-বক্সার এক্সপ্রেস, ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস, ২৮১৮১/২৮১৮২ টাটানগর-কাটিহার-টাটানগর এক্সপ্রেস।



