নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলির আগে আড়াই কোটি টাকার অবৈধ সোনা পাচার রুখে দিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। হাওড়া স্টেশনে ‘অপারেশন সার্থক’–এর সফল বাস্তবায়ন ঘটিয়ে চোরাচালান রোধে নজির তৈরি করল রেল সুরক্ষা বাহিনী। গত ৬ নভেম্বর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরপিএফ ও হাওড়ার ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একযোগে অভিযান চালায়। ১৫৬৪৪ ডাউন (কামাখ্যা–পুরী এক্সপ্রেস) ট্রেনে ভ্রমণকারী এক সন্দেহভাজন যাত্রীকে আটক করে। ওড়িশার গঞ্জামের বাসিন্দা ৩৬ বছর বয়সি কে চন্দ্রশেখর দাস নামে ওই যাত্রীকে সোনাসহ আটক করা হয়। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত সোনার বৈধ রসিদ কিংবা অন্যান্য প্রামাণ্য নথি মেলেনি। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে আটক ব্যক্তিকে পরীক্ষার জন্য আরপিএফ হাওড়া অফিসে নিয়ে আসা হয়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং সম্পূর্ণ ভিডিয়োগ্রাফির মাধ্যমে প্রায় ১.৭৪২ কেজি সোনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৪ লক্ষ ৬৪ হাজার ৫৫৮ টাকা। পূর্ব রেলের অফিসাররা অভিযুক্তকে দ্রুত শুল্ক বিভাগে হস্তান্তর করেছেন।



