নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শনিবার ধনতেরাস। তার আগে সোনার দাম আরও চড়ে ১ লক্ষ ৩০ হাজার টাকার সীমা পেরল। অন্যদিকে দিনকয়েক লাফিয়ে বাড়ার পর কিছুটা স্বস্তি দিল ক্রেতাকে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া দর অনুযায়ী, শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার দশ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। গত বৃহস্পতিবার সেই দর ছিল ১ লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে দাম বেড়েছে তিন হাজার টাকারও বেশি। অন্যদিকে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না তৈরির সোনার ১০ গ্রামের দামও নয়া রেকর্ড করে শুক্রবার। যেখানে বৃহস্পতিবার তার দর ছিল ১ লক্ষ ২২ হাজার ১০০ টাকা, তা শুক্রবার পৌঁছায় ১ লক্ষ ২৫ হাজার ১০০ টাকায়। সব দরের সঙ্গেই যোগ হবে ৩ শতাংশ হারে জিএসটি। ফলে দাম যে আরও অনেকটা বাড়বে, সেই বিষয়ে সন্দেহ নেই। রুপোয় কিছুটা স্বস্তি এসেছে শুক্রবার। এদিন এক কেজি খুচরো রুপোর কেজি প্রতি দর শহরে ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৭০০ টাকা। যেখানে গত মঙ্গলবাই তার দর ছিল কেজি পিছু ১ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকা, সেই তুলনায় এই দর মন্দের ভালো, বলছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের মতামত, প্রাক ধনতেরাসে ক্রেতারা কেনাকাটায় উৎসাহী হয়েছেন।



