Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে ফালাকাটা টাউন ক্লাবের মাঠে ফ্লাড লাইটে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

অনেকদিনের প্রতীক্ষার অবসান। ডুয়ার্সের ফুটবল প্রেমীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আজ, বৃহস্পতিবার।

আজ থেকে ফালাকাটা টাউন ক্লাবের মাঠে ফ্লাড লাইটে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিদ্যুৎকান্তি বর্মন, ফালাকাটা: অনেকদিনের প্রতীক্ষার অবসান। ডুয়ার্সের ফুটবল প্রেমীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আজ, বৃহস্পতিবার। প্রয়াত বিধায়ক অনিল অধিকারীর স্বপ্ন ছিল ফালাকাটা টাউন ক্লাবের নিজস্ব স্টেডিয়ামে নৈশ ফুটবল টুর্নামেন্ট হোক। অবশেষে তাঁর সেই স্বপ্ন ক্লাব সদস্যরা বাস্তবায়িত করতে চলেছেন। 

Advertisement

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে স্টেডিয়ামটি বাননো হয়েছে। স্টেডিয়ামটি ফালাকাটা টাউন ক্লাবের নিজস্ব ময়দানে। এই কাজের জন্য প্রায় আটবছর মাঠে সবরকম খেলাধুলো বন্ধ ছিল। কার্যত খেলাধুলোর পরিবেশই হারিয়ে গিয়েছিল। জেলার প্রথম এই স্টেডিয়ামেই বসেছে ফ্লাড লাইট। রাতে সেই ফ্লাড লাইটের আলোতেই আজ, ৩০ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত হতে চলেছে ফালাকাটা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। 
টাউন ক্লাবের সম্পাদক মিলন সাহা চৌধুরী বলেন, বিকেল সাড়ে ৫টা নাগাদ সাদা পায়রা ও বেলুন উড়িয়ে মার্চপাস্টের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হবে। সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। ফুটবলে কিক মেরে খেলার সূচনা করার জন্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত রয়েছেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। 
আয়োজক টাউন ক্লাব সূত্রে জানা গিয়েছে, গোল্ড কাপ ফুটবলে অংশ নিচ্ছে কলকাতা, শিলিগুড়ি, উত্তর ২৪ পরগনা সহ পাঞ্জাব, অসমের দল। সিএসএ কলকাতা, কেএফসি শিলিগুড়ি, আইটিবিপি পাঞ্জাব, ঋষা স্কোর হাউস, অশোকনগর উত্তর ২৪ পরগনা, নবঙ্কুর শিলিগুড়ি, বিএসকে শিলিগুড়ি ও কোকরাঝাড় অসম। 
ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি শুভব্রত দে বলেন, প্রয়াত বিধায়ক অনিল অধিকারীর স্বপ্ন পূরণ হল। তিনি চেয়েছিলেন, ডুয়ার্সের প্রতিভাবান ছেলেরা যাতে ফুটবলে উন্নতি করতে পারেন। স্থানীয় প্রতিভারা যেন নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম পান। এবার সেটাই হতে যাচ্ছে। এই মাঠে নৈশ্য খেলার ব্যবস্থা যাতে হয় তারজন্য প্রয়াত বিধায়ক ও আমাদের ক্লাবের প্রয়াত সভাপতি ত্রিনাথ সাহা উদ্যোগী হয়েছিলেন। তাঁদের সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হতে চলেছে। 
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে ফালাকাটাজুড়ে এখন উৎসবের আমেজ। গ্যালারি রং করা, আলো দিয়ে সাজানো, সাউন্ড সিস্টেম বসানো সব প্রায় সব কাজ শেষ। এদিকে, স্থানীয় দোকানপাট, হোটেলগুলিও সাজানো হয়েছে। ক্লাবের ফুটবল কোচ রুহুল আমিন বলেন, ডুয়ার্সের ফুটবল প্রেমীদের প্রত্যাশা এই নৈশ টুর্নামেন্ট আগামী দিনে উত্তরবঙ্গের ফুটবলের মান ও মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যাবে। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ