সংবাদদাতা, কান্দি: দেখা করে ১৫ হাজার টাকা দিতে হবে। না দিলে মাদক কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল কান্দি থানার গোকর্ণ বিট হাউসের ইনচার্জের বিরুদ্ধে। অভিযোগ করেছেন স্থানীয় মহালন্দি গ্রামের ডাঙাপাড়া গ্রামের যুবক শরিপ শেখ ওরফে সুলতান। অভিযোগ পেয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিস। শরিপ কান্দি বিএলএলআরও অফিসে মুহুরির কাজ করেন। গত সোমবার তিনি জেলার পুলিস সুপার, কান্দি এসডিপিও ও কান্দি থানার আইসিকে গোকর্ণ বিট হাউসের ইনচার্জ তাপসকুমার ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ, প্রায় ২০দিন আগে তাপসবাবু তাঁকে ফোন করেন। তাপসবাবু জানান তিনি গ্রামের দু’জনের কাছে থেকে টাকা নিয়েছেন। সেই টাকা তিনি ফেরত দেননি। ওই দু’জন তাঁর নামে বিট হাউসে অভিযোগ করেছেন। এরপর শরিপ সাহেব বিট হাউসের ইনচার্জের সঙ্গে দেখা করে জানান, তিনি ওই দু’জনের কাছ থেকে কোনও টাকা নেননি। দিনকয়েক পর আবার শরিপ সাহেবকে ফোন করে দেখা করতে বলেন তাপসবাবু। সেইসঙ্গে ১৫ হাজার টাকা দিতে বলেন। না হলে মাদক কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন।



