নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রেনে উঠতে হলে টিকিট কাটতে হয়। মানুষকে তো কাটতেই হয়। এবার জানা গেল, ঠাকুরও টিকিট কাটেন। জানা গিয়েছে, ট্রেন কোম্পানির নিয়ম মেনে রীতিমতো টিকিট কেটে ট্রেনে উঠেছেন দেবী জগদ্ধাত্রী। ভাড়া দিলেন, ২৫ টাকা।
ট্রেনে উঠে দেবী চললেন গোবরডাঙা থেকে কলকাতা। মহানগরে একটি বাড়িতে পুজো হবে তাঁর। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সরকারপাড়ার মৃৎশিল্পী সৌমেন পাল প্রতিমাটি তৈরি করেছেন। তারপর সেটি ট্রেনে তুলে পাঠিয়েছেন কলকাতা। জগদ্ধাত্রী সাধারণ
একটি কামরায় উঠেছিলেন। সফর করেছেন নির্বিঘ্নেই। তাঁকে দেখে কামরায় সবাই চমকে গিয়েছিলেন। তারপর ঠাকুর স্বয়ং তাঁদের সঙ্গে সফর করছেন দেখে অভিভূত হন। সবাই প্রণাম করে ভক্তি প্রদর্শন করেছেন নিজের মতো করে। অনেকে বলেছেন, আমরা ঈশ্বরের দেখানো পথে চলি। কি বিস্ময়, আজ ভগবান আমাদের সঙ্গে এই পথে নিজে সফর করছেন। তাঁদের মনে পড়েছে বাহুবলী সিনেমার গানটির কথা। যেখানে কৈলাশ খের গেয়েছিলেন, ‘ভগবতী তেরি তরফ শিবজি চলে দেখ জরা ইয়ে বিচিত্র মায়া...’
রবিবার রাতে বনগাঁ-শিয়ালদহ লোকালে প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে। বাহন সিংহ ছিলেন জানলার দিকে। অনেকে এই অভিনব দৃশ্যের ছবি ও ভিডিয়ো তোলেন। সৌমেন জানান, কলকাতাতেই শুধু নয় এর আগে তাঁর তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে দিল্লি, মুম্বই এবং শিলিগুড়ি। এবার কলকাতার এক বাড়িতে পুজো হবে তাঁর তৈরির জগদ্ধাত্রীর। তিনি খুব খুশি। আর দেবী যে ট্রেনে সফর করছেন সেটি খুব একটা লেট করেনি জেনে খুশি জগদ্ধাত্রীর অন্যান্য ভক্তরা। ট্রেনের কামরায় জগদ্ধাত্রী প্রতিমা। -নিজস্ব চিত্র



