Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডো না আসায় এখনও মন খারাপ গোয়ার

পর্তুগিজ কলোনির মোড়ের ছোট দোকানে সকালে খবরের কাগজ খুলে বসেছেন জোসেফ। হাতে তাঁর চায়ের কাপ। কাগজের খেলার পাতায় আল-নাসেরের খবর দেখতেই চোখে বিষণ্ণতা।

রোনাল্ডো না আসায় এখনও মন খারাপ গোয়ার
  • ৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মারগাও: পর্তুগিজ কলোনির মোড়ের ছোট দোকানে সকালে খবরের কাগজ খুলে বসেছেন জোসেফ। হাতে তাঁর চায়ের কাপ। কাগজের খেলার পাতায় আল-নাসেরের খবর দেখতেই চোখে বিষণ্ণতা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি, পর্তুগিজ মহাতারকার যে গোয়ায় খেলতে আসার কথা ছিল মাসখানেক আগে! কিন্তু তিনি আসেননি। জোসেফের হতাশায় গা ভাসালেন পাশে বসা বন্ধু জর্জও। জোসেফ বলছিলেন,  ‘আমাদের গোয়ার রক্তে পর্তুগিজ ঐতিহ্য বইছে। সেই পর্তুগালের মহাতারকাকে একবার চোখের দেখা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যেত।’ কথাগুলো বলতে বলতে জোসেফের কণ্ঠটা ধরে এল, হতাশা যেন বুকে গেঁথে গিয়েছে।

Advertisement

গত ২২ অক্টোবর গোয়ার ফাতোরদা নেহরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র এর ম্যাচে আল নাসেরের মুখোমুখি হয় এফসি গোয়া। রোনাল্ডোর ভারতে আসার আশায় এই ম্যাচ ঘিরে রীতিমতো হাইপ তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনুরোধ, টিকিটের লম্বা লাইন, সবাই পর্তুগিজ সংস্কৃতির সঙ্গে রোনাল্ডোর আত্মিক যোগ ভেবেই উত্তেজিত। কিন্তু তিনি আসেননি।। হাজারো ফুটবলপ্রেমীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। চুক্তি অনুসারে, বিদেশে নাকি বেছে বেছে ট্যুর করেন সিআরসেভেন। এই প্রসঙ্গে আল-নাসেরের কোচ জেসুসের যুক্তি ছিল, রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই নিয়ে বছর ৩২’এর জর্জের কথায়, ‘গোয়া থুড়ি, সারা ভারতবর্ষে রোনল্ডোর কোটি কোটি ভক্ত রয়েছে। ম্যাচের দিন গোয়া ভরে যেত। আমরা বন্ধুরাই তো কত কিছু পরিকল্পনা করেছিলাম। গ্যালারিতে ব্যানার তুলব। প্রবেশদ্বারে প্লে-কার্ডে ‘গোট ’(গ্রেটেস্ট অব অলটাইম) লিখে দাঁড়িয়ে থাকব। সব ভেস্তে গেল।’ তবে জোসেফ-জর্জরা দুধের সাধ ঘোলে মিটিয়েছেন। রোনাল্ডো না এলেও সাদিও মানে, হোয়াও ফেলিক্সের মতো তারকাকে সামনে থেকে দেখেছেন।
সেদিন ২-১ ব্যবধানে জিতেছিল আল নাসের। সাদিও মানে, হোয়াও ফেলিক্স, আব্দুলরহমান ঘারিবেরা দুর্দান্ত ফুটবল মেলে ধরেন। গোয়াবাসী রোনাল্ডোর জাদু না দেখলেও এঁদের খেলা দেখে কিছুটা সান্ত্বনা পেয়েছেন, যদিও হারের কষ্ট মিশে আছে। জোসেফ কাগজ বন্ধ করে চায়ের কাপটা নামিয়ে রাখলেন, বললেন, ‘রোনাল্ডো না এলেও ফুটবলের ভালোবাসা তো থেকে গেল, তবে সেই স্বপ্নের ছোঁয়া মিস করছি।’ এখন মাস কেটে গেলেও গোয়ার পর্তুগিজ নিবাসীরা সেই আপশোস কাটাতে পারছেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ