নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছিল এফসি গোয়া। চার বছর পর ফের এশিয়ান মঞ্চে প্রতিনিধিত্ব করতে চলেছে তারা। বুধবার এসিএল-টু’এর বাছাই পর্বে ওমানের ক্লাব আল সিবকে ২-১ গোলে হারাল মানোলো মার্কুয়েজের ছেলেরা। আইএসএল ক্লাবটির হয়ে জাল কাঁপান ডিজান ড্রাজিচ ও হাভিয়ের সিভেরিও। আল সিবের একমাত্র গোলটি নাসের আল-রাওয়াহির। উল্লেখ্য, আইএসএল লিগ-শিল্ড জয়ের সুবাদে আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২’এর মূলপর্বে জায়গা পেয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। এবার ভারতের দ্বিতীয় দল হিসেবে সেই যোগ্যতা অর্জন করল এফসি গোয়া। শুক্রবার প্রকাশিত হবে মূলপর্বের ক্রীড়াসূচি।



