Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলায় বেলুনের ছেঁড়া অংশ আটকে শিশুর মৃত্যু

গলায় বেলুনের ছেঁড়া অংশ আটকে শিশুর মৃত্যু
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙার ডাউয়াগুড়ি এলাকায় এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বিশাল দেবসিংহ(৪)। বাড়ি প্রেমেরডাঙা গ্রামপঞ্চায়েতের ডুমনিগুড়িতে। সে মায়ের সঙ্গে ডাউয়াগুড়িতে দাদুর বাড়ি বেড়াতে এসেছিল। 
Advertisement
পরিবারের লোকজন জানিয়েছেন, এদিন সে বেলুন নিয়ে খেলছিল। বেলুনটি ফেটে গেলে সেটার ছেঁড়া অংশ মুখে ঢুকিয়ে ফেলে। সেটি গলায় আটকে গেলে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের লোকজন বুঝতে পেরে তড়িঘড়ি তাকে ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। ঘরের সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘনঘন মুর্ছা যাচ্ছেন মা শম্পা দেবসিংহ। 
ডাউয়াগুড়ির বাসিন্দা গৌরাঙ্গ দাস বলেন, এদিন বাড়ির বাইরে কয়েকজন শিশুর সঙ্গে বিশালও খেলা করছিল। ওর হাতে একটি বেলুন ছিল। আচমকা অন্য শিশুদের চিৎকার শুনে আমি সেখানে ছুটে যাই। লোকজনও ছুটে আসে। সবাই মিলে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এধরনের মর্মান্তিক ঘটনা হবে ভাবতে পারছি না। কথা বলার মতো পরিস্থিতিতে নেই মৃত বিশাল দেবসিংহের দাদুর বাড়ির লোকজনও।
সম্পর্কিত সংবাদ