দেশকে ‘হাওয়ার হিসাব’ দিন, ‘দিল্লি বায়ুদূষণের বিশ্বগুরু হয়ে উঠছে কেন?’
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশকে ‘হাওয়ার হিসাব’ দিন! বায়ুদূষণ ইস্যুতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন মল্লিকার্জুন খাড়্গে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে খোঁচা দিয়ে কংগ্রেস সভাপতির তোপ, দিল্লি বায়ুদূষণের ‘বিশ্বগুরু’ হয়ে উঠছে কেন? দিল্লি-এনসিআর অঞ্চলের দূষণ ইস্যুতে সুর চড়িয়েছে সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালত বলেছে, যানবাহন থেকে কার্বন নির্গমনের ফলে দূষণ যেভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে, তা ঠেকাতে অবিলম্বে হস্তক্ষেপ করা প্রয়োজন। এনসিআর অঞ্চলে মেয়াদ উত্তীর্ণ ও আইন বহির্ভূত গাড়িগুলির দাপাদাপি রুখতে কী পদক্ষেপ করা হয়েছে, তা বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের ‘ডবল ইঞ্জিন’ সরকারকে। দিল্লি পুরসভা (এমসিডি) ও দিল্লি পুলিশেরও জবাব তলব করেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ।

Advertisement

দীপাবলির বাজি ও প্রতিবেশী রাজ্যে নাড়া পোড়ানো— জোড়া ধাক্কায় জেরবার দিল্লি। এই অবস্থায় দূষণ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ এনে মঙ্গলবার এক্স হ্যান্ডলে ক্ষমতাসীন বিজেপি সরকারকে তুলোধোনা করেন খাড়্গে। কেন্দ্র তথা প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘আমরা কেন বায়ুদূষণে ‘বিশ্বগুরু’ হয়ে উঠছি? জোড়াতালি ব্যবস্থা, প্রচারের ঢক্কানিনাদ, প্রতিশ্রুতি ভঙ্গ ও দোষারোপের খেলা হলমার্ক হয়ে উঠেছে বিজেপি সরকারের। নির্মল বাতাস তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে!’ দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলিতে বায়ুদূষণের মারাত্মক পরিসংখ্যানও এদিন তুলে ধরেছেন খাড়্গে। তাঁর তোপ, গত ১২ বছরে বায়ুদূষণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবল কথাই বলেছেন। কিন্তু তাঁর সরকার কাজের কাজ কিছুই করেনি। দিল্লি-এনসিআর থেকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, পাঞ্জাব ও রাজস্থান— পরিচ্ছন্ন বাতাস না পেয়ে হাঁপিয়ে উঠছে মানুষ। দেশকে ‘হাওয়ার হিসাব’ দেওয়ার মতো সাহস কি দেখাবেন মোদিজি?