নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস পরিচালিত তাবৎ সরকারে প্রণব মুখোপাধ্যায় সবরকম গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তা সত্ত্বেও তিনি মনে করতেন, অভিজ্ঞতা এবং সিনিয়রিটির নিরিখে প্রধানমন্ত্রী পদটাই তাঁর জন্য উপযুক্ত। এই উচ্চাকাঙ্ক্ষা প্রণববাবু সর্বদা বহন করে গিয়েছেন। কিন্তু ওই বাসনা পোষণ করার মধ্যেই সীমিত থাকেননি প্রণববাবু। ২০১০ সালে দলীয় বৈঠকের পর সোনিয়া গান্ধীকে প্রণব মুখোপাধ্যায় সরাসরি বলেন, ‘প্রধানমন্ত্রী পদে পরিবর্তন করার সময় এসেছে।’ অর্থাৎ ডঃ মনমোহন সিংকে সরিয়ে দিতে চেয়েছিলেন প্রণববাবু। এই বিস্ফোরক দাবি করেছেন স্বয়ং সোনিয়া। তাঁর লেখায়, ‘শুনে আমি রীতিমতো চমকে গিয়েছিলাম।’ এরপরও প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে বিশেষ শ্রদ্ধা সোনিয়ার। মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ তিনি বলেছেন, ‘প্রণববাবুর মতো ভারত ও বিশ্ব ইতিহাসের এনসাইক্লোপিডিয়া বেশি পাওয়া যায় না।’ একইভাবে সোনিয়া তাঁর প্রিয় সহকর্মী হিসাবে স্মরণ করেছেন প্রিয়রঞ্জন দাশমুন্সিকেও। বলেছেন, ‘সংসদীয় রীতিনীতি সম্পর্কে ছিলেন সম্পূর্ণ অবগত। লোকসভা অথবা রাজ্যসভা, কোন কক্ষে কোন সংসদীয় রীতি প্রযোজ্য হবে, অধিবেশন চলাকালীন আমাকে চিরকুটে লিখে পাঠাতেন।’ আত্মজীবনীতে তীব্র আক্রমণ করেছেন মোদির রাজনীতিকে। বলেছেন, ‘নরেন্দ্র মোদি ভারতে রাজনৈতিক সৌজন্যের ইতিহাসের অবসান ঘটিয়েছেন। অনুষ্ঠানে দেখা হলেও চোখে চোখ রাখেন না। এড়িয়ে যান। শুধুই বলেন, নমস্তে... চোখ তখন অন্যদিকে।’ এত বছরে দু’জনের মধ্যে দু’টি মাত্র বাক্য বিনিময় হয়েছে। মোদি প্রশ্ন করেছেন, ‘আপনার শরীর এখন কেমন আছে?’ সোনিয়া বলেছেন, ‘ভালো আছে, শুক্রিয়া!’
বহু বিতর্ক ও প্রতীক্ষার পর মঙ্গলবার প্রকাশ। আর তারপরই বিতর্কের বিস্ফোরণ। এতে অবশ্য সোনিয়ার বাল্যকাল অথবা ইতালির জীবনের বিবরণ নেই। বই শুরুই হয়েছে কেমব্রিজে কীভাবে এক গ্রিক রেস্তরাঁয় ভারতীয় এক সুদর্শন শান্ত ছাত্রের সঙ্গে তাঁর আলাপ এবং তারপর জীবন বদলে যাওয়া দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ এসেছে একবার—নয়ের দশকে যখন একের পর এক নেতানেত্রী কংগ্রেস ছেড়ে নিজেদের দল গড়ছেন। শুধু বলেছেন, ‘রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে মতান্তরের কারণে মমতা দল ছেড়ে দেন।’ ‘বিলংগিং’ শুরু হয়েছে ঋগ্বেদের ঐক্যের জয়গানের মাধ্যমে, আর শেষ অথর্ববেদের শ্লোকে। গান্ধী পরিবারে ঝড় থেকে আরএসএসের বিরুদ্ধে তোপ, সবই স্থান পেয়েছে সোনিয়ার স্মৃতিচারণে।
১৯৭৫ সালের ১২ জুন এলাহাবাদ হাইকোর্টের রায় যখন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্ব কেড়ে নিয়েছিল, রাজীবকে তিনি প্রশ্ন করেছিলেন, ‘আমার কী করা উচিত।’ রাজীবের পরামর্শ ছিল, পদত্যাগ করাই ভালো। কিন্তু সেদিনই দুপুরে লাঞ্চ টেবিলে সঞ্জয় গান্ধী মাকে বলেন পদত্যাগ না করতে। তাহলে বিরোধীরা তাঁকে ধ্বংস করে দেবে। সেটাই প্ল্যান আরএসএসের। এ নিয়ে টেবিলেই রাজীব ও সঞ্জয়ের মধ্যে তুমুল মতান্তর শুরু হয়। সোনিয়া লিখেছেন, ‘ইন্দিরার সায় সঞ্জয়ের দিকেই ছিল। সেটা বুঝতে পেরে রাজীব চুপ করে যান।’ শাশুড়ি নাকি মানেকার সব বিষয়ে অতিরিক্ত নাক গলানো নিয়ে বলেছিলেন, ‘এই মেয়েটির এখন থেকেই খুব পাখা গজিয়েছে।’
তিনি যে নিজের ইচ্ছায় ইউপিএ চেয়ারপার্সন হননি, সেকথাও স্পষ্ট করেছেন সোনিয়া। বলেছেন, ‘জ্যোতি বসু এই প্রস্তাব প্রথম তুলেছিলেন। আর আমি যখন বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করে সেকুলার সরকার গঠনের চেষ্টা করছিলাম, তখন জ্যোতি বসু বলেছিলেন, গুড গার্ল... গুড গার্ল... খুব ভালো উদ্যোগ নিয়েছেন।’



