এবার পুনর্নিযুক্ত অবসরপ্রাপ্ত কর্মীদের উপরও আদর্শ আচরণবিধি
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সরকারি পদের অপব্যবহারের অভিযোগ উঠছিল একাংশের বিরুদ্ধে। সেই আবহেই নিয়মে বদল। নির্বাচন কমিশন জানিয়েছে, আদর্শ আচরণবিধির (এমসিসি) আওতায় কর্মরত সরকারি কর্মচারীদের উপর যেসব বিধিনিষেধ ও নিষেধাজ্ঞাগুলি প্রযোজ্য হয়, এবার তার আওতায় আসবেন রাজ্য সরকারগুলি দ্বারা পুনর্নিযুক্ত অবসরপ্রাপ্ত কর্মীরাও। সরকার বিভিন্ন প্রয়োজনে যেসব ব্যক্তিদের নিযুক্ত করে, তাঁরাও আসবেন ওইসব বিধিনিষেধের অধীনে। এবিষয়ে নির্বাচন কমিশন সোমবার চিঠি দিয়েছে ভোটমুখী গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনি অফিসারদের। সেই চিঠিতে কমিশন বলেছে, ওই ব্যক্তিদের অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং নির্বাচনি প্রচার বা ভোট চাওয়ার কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। ভোট ঘোষণার পর কোনো সরকারি আলোচনা বা বৈঠকের জন্যও তাঁরা কোনো নির্বাচনি আধিকারিককে তলব করতে পারবেন না।  

Advertisement