প্রীতেশ বসু, কলকাতা: জমি ও বাড়ি রেজিস্ট্রেশনে জালিয়াতি, একই জমি একাধিক ব্যক্তিকে বিক্রি এবং জমির বিবরণে কারচুপি রুখতে এবার জিআইএস প্রযুক্তিকে হাতিয়ার করছে নবান্ন। রেজিস্ট্রেশনের আগে রাজ্যের তৈরি ডিজিটাল মানচিত্রে সংশ্লিষ্ট জমির দাগ নম্বর ধরে তার সুনির্দিষ্ট অবস্থান, সীমানা ও অন্যান্য তথ্য যাচাইয়ের সুবিধা চালু করা হচ্ছে। অর্থাৎ, রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের পাশাপাশি ক্রেতা-বিক্রেতারাও ডিজিটাল মানচিত্রে জমির তথ্য যাচাই করতে পারবেন। এর ফলে দলিলে উল্লেখিত জমির সঙ্গে বাস্তব জমির অবস্থান ও সীমানার অসংগতি থাকলে রেজিস্ট্রেশনের আগেই তা ধরা পড়বে। সরকারি জমি, জলাশয় কিংবা বিধিনিষেধযুক্ত জমি বেআইনিভাবে হস্তান্তরের চেষ্টাও বানচাল হবে। প্রশাসনিক সূত্রের খবর, আগামী জানুয়ারির মধ্যেই এই নয়া ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বর্তমানে জমির দলিলে দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ এবং সীমানার বিবরণ উল্লেখ থাকে। কিন্তু শুধুমাত্র দলিলে প্রদত্ত তথ্যের ভিত্তিতে জমির প্রকৃত অবস্থান ও সীমানা যাচাই করা অনেকসময় কঠিন হয়ে পড়ে। ফলে কার্যত জমির খুঁটিনাটি না জেনেই বা তার অবস্থান সম্পর্কে ‘সম্পূর্ণ অন্ধকারে’ থেকেই রেজিস্ট্রেশন করতে হয় আধিকারিকদের। নতুন ব্যবস্থায় দলিলে উল্লেখ করা দাগ নম্বরের সঙ্গে রাজ্যের ডিজিটাল বা জিআইএস মানচিত্রের তথ্য মিলিয়ে দেখা হবে। রেজিস্ট্রি অফিসের আধিকারিকরা ডিজিটাল মানচিত্রে সংশ্লিষ্ট জমি চিহ্নিত করে তার অবস্থান, সীমানা এবং জমির বিবরণ যাচাই করবেন।
শুধু প্রশাসনিক স্তরেই নয়, এই ব্যবস্থায় জমির ক্রেতা ও বিক্রেতারাও অনলাইনে তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত অর্থ জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট জমির তথ্য ডিজিটাল ব্যবস্থায় দেখে নেওয়া যাবে। ফলে জমির অবস্থান ও সীমানা সম্পর্কে আগাম ধারণা পাওয়ার পাশাপাশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলেই মত প্রশাসনিক মহলের। একইসঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো বিরোধ বা সমস্যা দেখা দিলে এবং শেষ পর্যন্ত দলিল রেজিস্ট্রেশন নাহলে জমা দেওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। ফলে অর্থ ফেরতের জন্য দপ্তরে দপ্তরে ঘোরার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে আবেদন ও নিষ্পত্তির সুযোগ মিলবে বলেই এক পদস্থ কর্তা জানিয়েছেন।
ইতিমধ্যে, জিআইএস মানচিত্রের সঙ্গে জমি রেজিস্ট্রেশন ব্যবস্থার সংযুক্তিকরণের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। এই কাজের জন্য অর্থদপ্তরের অধীনস্ত ডাইরেক্টরেট অব রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ একটি জিআইএস এবং ডেটা অ্যানালাইসিস সেল গঠন করেছিল। যেখানে একবছর ধরে ডিজিটাল ম্যাপে প্রতিটি প্লট ধরে ধরে তথ্য আপলোড করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কাজ চালানো হয়েছে।
অভিজ্ঞ আমলারা জানাচ্ছেন, রাজ্যের এই পদক্ষেপের জেরে দলিলের ভুল সংশোধনের জন্য রেকটিফিকেশন ডিড বা সংশোধনী দলিল করার প্রয়োজনীয়তাও অনেক কমবে। কারণ, ডিজিটাল ম্যাপ ব্যবহার করে যাচাইয়ের পরে দলিলে দাগ নম্বর, খতিয়ান নম্বর ভুল হওয়ার সম্ভাবনাই থাকার কথা নয়।



