নয়াদিল্লি: অধিনায়ক হিসেবে জীবনের প্রথম টেস্ট সিরিজ সদ্য জিতেছেন শুভমান গিল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছেন দু’টি টেস্টেই। এবার সামনে নতুন চ্যালেঞ্জ। ডনের দেশে তিন ম্যাচের একদিনের সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন তিনি। আর এই সিরিজে দলে থাকছেন দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই মহাতারকার উপস্থিতি তরুণ নেতাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে ধারণা ইয়ান বিশপের।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ওদের উপস্থিতিতে সুবিধাই হবে গিলের। নেতা হিসেবে আরও পরিণত হতে যা সাহায্য করবে ওকে। ক্যাপ্টেন হিসেবে গিল এখনও পুরোপুরি তৈরি নয়। সেজন্যই ওকে পরিণত হয়ে ওঠার সুযোগ দেওয়া হচ্ছে। আর তা কাজে লাগালে ও আরও শানিত হয়ে উঠবে।’
২৪ বছর বয়সি গিল এর আগে ইংল্যান্ডে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন ভারতকে। কিন্তু এবারই প্রথমবার রোহিত-বিরাটকে দলে পাবেন তিনি। আসন্ন একদিনের সিরিজের দিকে সেজন্যই তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বিশপ বলেছেন, ‘গিলের নেতা হওয়ার মতো টেম্পারামেন্ট ও স্কিল রয়েছে। তবে ট্যাকটিক্সের দিক থেকে উন্নত হতে আরও কয়েক মরশুম লাগবে। আমি নিশ্চিত যে, এক্ষেত্রে দুই প্রাক্তন ক্যাপ্টেনের সাহায্য পাবে ও।’ রোহিত, কোহলি কি আদৌ ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দলে থাকবেন? বিশপ বলেছেন, ‘এটা ওদের সিদ্ধান্ত। ওরা কতটা স্কিল ধরে রাখতে পারছে, সেটাও বিবেচ্য।’