Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সমালোচনায় বিদ্ধ গিল

প্রথম ম্যাচে চার। দ্বিতীয় ম্যাচে শূন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে শুভমান গিলের অফ ফর্ম অব্যাহত।

সমালোচনায় বিদ্ধ গিল
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রথম ম্যাচে চার। দ্বিতীয় ম্যাচে শূন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে শুভমান গিলের অফ ফর্ম অব্যাহত। দ্বিতীয় টি-২০’তে টিম ইন্ডিয়ার পরাজয়ের কারণ হিসেবে তারকাদের ব্যর্থতাকে তাই বড় করে দেখা হচ্ছে। শুধু এই সিরিজ নয়, চলতি বছরে গিল খেলেছেন ১৪টি টি-২০ ম্যাচ। সর্বাধিক রান ৪৭। পাঁচবার দুই অঙ্কের রানে পৌঁছোতে ব্যর্থ হয়েছেন তিনি। তাই প্রশ্ন উঠছে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনদের বাদ দিয়ে গিলের উপর ভরসা রেখে কি ভুল করছে টিম ম্যানেজমেন্ট?

Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও বেশ উদ্বিগ্ন গিলের অফ ফর্ম নিয়ে। তিনি বলেছেন, ‘বার বার ব্যর্থ হলে একজন ক্রিকেটারের উপর চাপ বাড়ে। সমস্যায় পড়ে টিম ম্যানেজমেন্টও। এখন যদি সঞ্জু স্যামসনকে ফিরিয়ে এনে ভাবা হয় ও সমস্যার সমাধান করে দেবে, তাহলে সেটা ভুল হবে। সঞ্জুকে অনেক দিন খেলানো হয়নি। এই পজিশনে ওর ধাতস্থ হতে সময় লাগবে।’ উল্লেখ্য, গিল টি-২০ দলে ফেরার আগে পর্যন্ত সঞ্জুই ওপেন করতেন। সাফল্যও পেয়েছেন। কিন্তু গিলকে সব ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে কোপ পড়ে তাঁর উপর। তা নিয়ে ক্রিকেট মহলে রয়েছে চাপা অসন্তোষ। অনেকেই সামাজিক মাধ্যমে গিলের সমালোচনায় মুখর।
তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এত তাড়াতাড়ি তাঁকে বাদ দেওয়ার পক্ষপাতী নয়। দলের সহকারী কোচ রায়ান ডয়েশকাটে ম্যাচের পর বলেন, ‘টি-২০ ফরম্যাটে গিল ওপেনার হিসেবে কামব্যাক করার পর অনেক প্রশ্ন উঠছে। আমরা তা নিয়ে ভাবছি না। দল ওর পাশেই আছে। আমরা চাই, আইপিএলে যেরকম খেলে দেশের জার্সিতেও সেভাবেই নিজেকে মেলে ধরুক গিল। এখনও সিরিজের তিনটি ম্যাচ বাকি। ভুলত্রুটি শুধরে ছন্দে ফেরার সুযোগ রয়েছে। আমাদের বিশ্বাস, পরের ম্যাচগুলিতে ও অনেক ভালো পারফর্ম করবে। সেক্ষেত্রে লাভবান হবে দল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ