Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেস্টে ঘুরে দাঁড়াতে লম্বা শিবির চাইছেন গিল, বিজয় হাজারেতে মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আয়ার

প্রত্যেক টেস্ট সিরিজের আগে অন্তত ১৫ দিনের শিবির চাইছেন ক্যাপ্টেন শুভমান গিল।

টেস্টে ঘুরে দাঁড়াতে লম্বা শিবির চাইছেন গিল, বিজয় হাজারেতে মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আয়ার
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রত্যেক টেস্ট সিরিজের আগে অন্তত ১৫ দিনের শিবির চাইছেন ক্যাপ্টেন শুভমান গিল। সদ্য দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ০-২ হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ২০২৪ সালে নিউজিল্যান্ডও এদেশে এসে লাল বলের ক্রিকেটে ৩-০ ব্যবধানে দুরমুশ করেছিল টিম ইন্ডিয়াকে। কেন এমন হচ্ছে, তা জানতেই কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে আলোচনায় বসেছিল বিসিসিআই। সেখানে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি জোরদার করার প্রস্তাব দেন গিল। অন্তত দুই সপ্তাহের শিবির জরুরি বলে জানান তিনি। তবে ব্যস্ত সূচির জন্য ১৫ দিন প্রস্তুতির সময় বের করা সহজ নয়। এই অবস্থায় বোর্ড কাজে লাগাতে চাইছে ভিভিএস লক্ষ্মণকে। এমন হতেই পারে যে, টেস্ট সিরিজের আগে ওডিআই এবং টি-২০ ক্রিকেটের দল নিয়ে কোচ গৌতম গম্ভীর ব্যস্ত। তখন লক্ষ্ণণের তত্ত্বাবধানে লাল বলের শিবির আয়োজন করা হতে পারে।
মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে খেলবেন শুভমান গিল। সোমবার রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে তাঁর প্র্যাকটিস দেখতে হাজির হয়েছিলেন বেশ কিছু ভক্ত। তাঁদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন গিল। কেএল-সাইনি স্টেডিয়ামে গোয়ার মুখোমুখি হওয়ার আগে রীতিমতো ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ভারতের টেস্ট এবং ওডিআই অধিনায়ককে। সতীর্থদের সঙ্গে ঠাট্টা, রসিকতাও করেন তিনি। উল্লেখ্য, পেটের গণ্ডগোলে শনিবার সিকিমের বিরুদ্ধে খেলতে পারেননি গিল।

Advertisement


এদিকে, নিয়মিত অধিনায়ক শার্দূল ঠাকুরের চোট থাকায় বিজয় হাজারে ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। স্প্লিন ইনজুরির জন্য দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। মঙ্গলবার জয়পুরে প্রত্যাবর্তনের ম্যাচে নামবেন হিমাচল প্রদেশের বিরুদ্ধে। বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধেও খেলবেন শ্রেয়স। এই দুই ম্যাচে ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এবং আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে থাকা শিবম দুবেও খেলবেন।
বিরাট কোহলি অবশ্য সরে দাঁড়ালেন মঙ্গলবারের ম্যাচ থেকে। দিল্লির হয়ে ইতিমধ্যে দু’টি ম্যাচ খেলেছেন তিনি। মঙ্গলবার রেলওয়েজের বিরুদ্ধেও মাঠে নামার প্রাথমিক সম্মতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মত বদলালেন ভিকে। উল্লেখ্য,  গত ২৪ ও ২৬ ডিসেম্বর যথাক্রমে অন্ধ্র ও গুজরাতের বিরুদ্ধে ছন্দে ব্যাট করেন তিনি।
এদিকে, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের আগে ডোপ পরীক্ষার জন্য ৩৪৭ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। তালিকায় ক্রিকেটারদের মধ্যে গিল ছাড়াও রয়েছেন শ্রেয়স, হার্দিক, বুমরাহ, রাহুল, মান্ধানা, জেমাইমা, দীপ্তির নাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ